কেরানীহাটে সড়কে পার্কিং নিত্য যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটে যানজট এখন নিত্যসঙ্গী। পাঁচ মিনিটের এই পথ পার হতে লাগছে আধা ঘণ্টারও বেশি। ফলে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। পর্যটন মৌসুম শুরু হলে এ যানজট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
কেরানীহাটের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানান, নির্দিষ্ট টার্মিনাল না থাকার কারণে যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হয়। গাড়ি পার্কিং করে রাখা হয় সড়কের ওপর। এ ছাড়া সড়ক দখল করে প্রতিদিন বসেন কয়েক শ হকার। ফলে সড়কের দুই পাশে গাড়ি আটকে সৃষ্টি হয় যানজট।
১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় দেখা গেছে, কেরানীহাটের হক টাওয়ারের সামনের সড়কে সাতটি মিনিবাস একটির পেছনে আরেকটি দাঁড়িয়ে চট্টগ্রামগামী যাত্রীর জন্য অপেক্ষা করছে। দুপুর একটার মধ্যে চারটি মিনিবাস যাত্রী ভর্তি করে চট্টগ্রামের দিকে যাত্রা করলেও তিনটি বাস যাত্রী না পেয়ে একই স্থানে ঠাঁই দাঁড়িয়ে আছে।
এদিকে সড়কের ওপর থাকা হকাররা সমানে চালাচ্ছেন বিকিকিনি। অথচ দুই দিকের গাড়ি আটকে থাকলেও কারও সেদিকে নজর নেই। কিছুক্ষণ পর ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে লাঠি দিয়ে পেটাতে থাকেন। কিন্তু এতে গাড়িচালকের কোনো সাড়া নেই।
কেরানীহাটের পুস্তক ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, সড়কের ওপর দাঁড়িয়ে কেরানীহাট এলাকায় প্রতিদিন তিন শতাধিক ছোট-বড় গাড়িতে যাত্রী ওঠানামা করা হয়। কারণ, গাড়ি দাঁড়ানোর নির্দিষ্ট কোনো স্থান নেই। একটি টার্মিনাল থাকলে যানজট কমে যেত। সাতকানিয়া বাসচালক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা ও ভটভটি গাড়িগুলো সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। তা ছাড়া যাত্রীদের একটু দূরে নিয়ে নামাতে গেলেই চালকদের গালমন্দ করেন। নির্দিষ্ট একটি টার্মিনাল থাকলে যাত্রীরা ওখানে গিয়েই গাড়িতে ওঠানামা করতে পারতেন।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ‘সড়কের দুই পাশ হকারদের দখলে থাকায় ও বাসযাত্রী ওঠানামা করার জন্য আলাদা ব্যবস্থা না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। তার পরও আমাদের লোকজন চেষ্টা করে যানজট যাতে লেগে না থাকে।’ এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, প্রশাসনের লোকজন ও চালকেরা সচেতন হলে যানজট অনেকটা কমানো যায়। তা ছাড়া কেরানীহাটে এত্ত গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকে, যার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট টার্মিনালের প্রয়োজন রয়েছে।