কেশবপুরে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
যশোরের কেশবপুরে ৬০টি ইয়াবা বড়িসহ আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা র্যাব–৬–এর সদস্যরা গ্রেপ্তার হওয়া তিনজনকে কেশবপুর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলা নির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন (৪৯), বাজিতপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও মজিদপুর গ্রামের আকাশ দাস (১৯)। শাহাদাত উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। গ্রেপ্তার হওয়া বাকি দুজনও আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ পরিদর্শক রেজাউল হক বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন দলিল লেখকের কাজ করেন। তাঁর সহকর্মী মেহেদি হাসান বলেন, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে অচেনা ১২–১৩ জন শাহাদাতকে তুলে নিয়ে যায়। এদিকে শাহাদাতের ভাই কবির হোসেন বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর ভাই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারও তিনি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁর দাবি, শাহাদাত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
এ ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, মামলার চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হবে না।