কেশবপুরে কাউন্সিলরের নির্দেশে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ছাত্রলীগ কর্মী শারাফাত হোসেন ওরফে সোহান
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম এবাদত সিদ্দিকীর নির্দেশে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ছাত্রলীগের কর্মী শারাফাত হোসেন ওরফে সোহানকে হত্যা করা হয়েছে। আজ বুধবার যশোর আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব কথা বলা হয়েছে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছেন ১৮ অক্টোবর।

আদালতের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, হত্যা মামলার অভিযোগপত্রটি আজ আদালতে জমা দেওয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শারাফাত হোসেন হত্যা মামলায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতা এবাদত সিদ্দিকীসহ (৪৬) সাতজনকে আসামি করা হয়েছে। অন্য ছয়জন হলেন যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মেহেদী হাসান (২৮), সোহেল রানা (৩৩), নাজমুল হাসান ওরফে রাজু (২৪), আবদুর রশিদ (৪৭), রহিম হোসেন (২৩) ও আমীর আলী (৫৪)। পুলিশের তালিকায় জনপ্রতিনিধি এবাদত সিদ্দিকীকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া অভিযোগপত্রের অন্য ছয়জন কারাগারে বন্দী। হত্যা মামলার অভিযোগপত্রে পৌরসভার কাউন্সিলর এবাদত সিদ্দিকীকে আসামি করা হলেও তিনি এখনো নিজ পদে বহাল আছেন।

স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত বলেন, ‘আইন অনুযায়ী কোনো মামলার অভিযোগপত্রে আসামি হিসেবে কোনো জনপ্রতিনিধির নাম এলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। হত্যা মামলার অভিযোগপত্রে কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল এবাদত সিদ্দিকীর নাম এসেছে। এটা এখনো আমাদের দৃষ্টিতে আসেনি। অভিযোগপত্রে আসামি হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগপত্রে বলা হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় ৭ মে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের সাইক্লোন শেল্টারকেন্দ্রে স্থানীয় মানুষের মধ্যে টাকা বিতরণ করা হয়। কাউন্সিলর এবাদত সিদ্দিকীসহ তাঁর লোকজন ওই টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় এবাদতের লোকজনকে মুঠোফোনে ডেকে ডেকে টাকা দেওয়া হয়। তখন লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক জসিম প্রতিবাদ করলে কাউন্সিলর এবাদত তাঁকে চড়-থাপ্পড় মারেন। অন্যরাও তাঁকে মারপিট করেন। এটা দেখে জসিমের স্ত্রী ফতেমা বেগম এগিয়ে গেলে তাঁর পরনের শাড়ি টেনে ও মারধর করে শ্লীলতাহানি করা হয়। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মী ও একই গ্রামের শারাফাত হোসেন ও কুদ্দুসকে আসতে দেখে এবাদতের নির্দেশে তাঁদেরও বেধড়ক পেটানো হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় শারাফাতসহ (সোহান) কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে শারাফাত মারা যান।

এ ঘটনায় শারাফাতের চাচা আবুল কালাম আজাদ বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন। বাদী আবুল কালাম আজাদ ও মামলার অভিযুক্ত এবাদত সিদ্দিকী পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যে কারণে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল।

মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয় প্রমাণিত হওয়ায় অভিযোগপত্রে সাতজনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে এবাদত সিদ্দিকীসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে। দুই আসামি কারাগারে বন্দী।

মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার অন্যতম আসামি এবাদত সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’