কেশবপুরে জোর করে নৌকার পক্ষে এক হাজার ব্যালটে সিল, ভোট স্থগিত
যশোরের কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নতুন মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জোর করে এক হাজার ব্যালটে সিল মারা হয় বলে ভোটারদের অভিযোগ। পরে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে নতুন মূলগ্রাম কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক মানুষের ভিড়। ভোটারদের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে ৫০ থেকে ৬০ জন যুবক হঠাৎ জোর করে কেন্দ্রে ঢুকে ভোটারদের মারধর ও ইট ছুড়তে থাকেন। এ সময় বুথে ঢুকে দ্রুত ব্যালটে সিল মারতে থাকেন তাঁরা। সাধারণ ভোটাররা ভয়ে এদিক–সেদিক ছুটতে থাকেন।
এই কেন্দ্রের পুরুষ ১ নম্বর কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কম৴কর্তা আয়ুব আলী বলেন, তাঁর বুথে ২০০ ব্যালটে সিল দেওয়া হয়েছে। কিছু ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, এখানে ১ হাজার ৯২৯টি ভোট। সবাইকে ভয় দেখিয়ে প্রায় এক হাজার ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। এ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সিল মারা ব্যালট বাতিল করা হবে।