কেশবপুরে বাস উল্টে সুপারভাইজার নিহত
যশোরের কেশবপুরে বাস উল্টে গিয়ে বাসটির সুপারভাইজার ইসলাম মোড়ল (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খরনিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, বাসটি যশোর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুরের তেইশ মাইল নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ইসলাম মোড়ল মারা যান। আহত হয়েছেন আবু তাহের (২৮), মাকুঞ্জা (৩০), আবু বকর সিদ্দিকী (৭০) ও হোসেন আলী (১৮)।
তাঁদের সবাইকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। আর আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। খরনিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।