কেশবপুরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গত শুক্রবার রাতে পারিবারিক বিরোধে শওকত মোড়ল নামের এক মুরগি ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় শওকতের ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের জয়নাল মোড়লের ছেলে শওকত মোড়ল বিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। সারা রাত তিনি বাড়ি ফেরেননি। এলাকাবাসী ভোরে তাঁর লাশ পরচক্রা-হাড়িয়াঘোপ আঞ্চলিক সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কেশবপুর থানার পুলিশ গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে। শওকত আলী গ্রামে ঘুরে মুরগি কিনে বাজারে বিক্রি করতেন।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাসুদুর রহমান বলেন, জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

থানার উপপরিদর্শক (এসআই) শিকদার রকিব উদ্দীন জানান, এ ঘটনায় কেশবপুর থানায় নিহতের স্ত্রী রওশন আরা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আরও ছয়-সাতজন রয়েছে। মামলার ১ নম্বর আসামি শওকতের ভাই নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।