কোটালীপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেছেন তাঁর (বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র) এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ওই অভিযুক্ত ছাত্ররা।
গত শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের এক মাছের ঘেরপাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কোটালীপাড়ার এক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষণের শিকার ওই ছাত্রীর স্বজন ও স্থানীয় ব্যক্তিরা।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বলে, শনিবার সকাল ৯টায় স্কুলের এক স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরীর বাজারে কসমেটিকস কিনতে যায় সে। সেখান থেকে ফেরার পথে ফাঁকা জায়গা থেকে একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও তাঁর (আলী হোসাইন) বন্ধু একই গ্রামের মাসুদ হাওলাদার তাকে টেনে মোটরসাইকেলে তোলেন। তাকে ভয় দেখিয়ে তাঁরা ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে নিয়ে যান। সেখানে একটি অস্থায়ী ঘরে আলী হোসাইন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। এতে সে রাজি না হওয়ায় আলী হোসাইন তাকে মারধর করেন। তাঁর মারধরের কারণে একটা পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে আলী হোসাইন তাকে ধর্ষণ করেন। এ সময় মাসুদ হাওলাদার মুঠোফোনে এ দৃশ্য ধারণ করেন। এই ধর্ষণের কথা কাউকে বললে বা ভবিষ্যতে তাঁদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দেবেন বলে হুমকি দেন তাঁরা।
এদিকে এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজ সোমবার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা করেছেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বোন (১৮) প্রথম আলোকে বলেন, ‘আলী হোসাইন আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার বোন তার প্রস্তাবে রাজি হয়নি। বিষয়টি আমাকে অনেকবার বলেছে আমার বোন। এ ছাড়া আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম মাসুদ ওই স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমার বোনের এই অবস্থা করল।’
ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে যখন বাড়িতে এসে এ ঘটনা বলে, তখন আমরা তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিই। পরে ওই দিন রাতে থানায় গিয়ে বলে আসি। গতকাল রোববার পুলিশ এসেছিল। আমার মেয়ের সঙ্গে যে দুজন এই জঘন্য কাজ করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
জানতে চাইলে কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হিমেল প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, ঘটনার সত্যতা রয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’