কোটালীপাড়ায় স্লুইসগেট ভেঙে সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লুইসগেটের স্টিলের পাত সরে খাদে আটকে আছে ট্রাক। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের রামশিল বাজারের পাশে
ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মালবোঝাই একটি ট্রাক পারাপারের সময় ভেঙে পড়েছে স্লুইসগেটের একটি অংশ। এতে ট্রাকটি সেখানে আটকা পড়েছে আর যান চলাচল বন্ধ হয়ে গেছে সড়কে। আজ রোববার সকালে উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা মালবোঝাই একটি ট্রাক পয়সারহাটে যাচ্ছিল। ট্রাকটি পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় পৌঁছে স্লুইসগেট পার হতে গেলে স্টিলের পাত ভেঙে ট্রাকের পেছনের চাকা খাদে পড়ে যায়। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় সংযোগ খালে পার্শ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উজেলার নিম্নাঞ্চলের পানি নামার জন্য পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটটি নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে স্লুইসগেটটি ঝুঁকিপূর্ণ ছিল। যন্ত্রাংশও প্রায় অকেজো ছিল।

রামশীল ইউনিয়নের বাসিন্দা অংকন তালুকদার বলেন, মালবাহী একটি ট্রাক স্লুইসগেটের ওপর উঠলে একটা অংশ ভেঙে যায়। এতে সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাচল তো দূরের কথা হেঁটে পার হওয়াও যাচ্ছে না। দ্রুত ট্রাকটি সরিয়ে স্লুইসগেট মেরামতের দাবি জানাচ্ছেন তাঁরা।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী বি এম ইছানুল কবীর বলেন, স্লুইসগেটটি সংস্কার করার জন্য কার্যক্রম চলমান আছে। প্রকল্প পেলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।