কোদালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক
নোয়াখালী সদর উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্বামীর কোদালের আঘাতে সদ্য বিবাহিত স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৫)। এ ঘটনায় তাঁর স্বামী নুর ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর নুর ইসলাম ৮ দিন আগে এক সন্তানের মা জেসমিন আক্তারকে বিয়ে করেন। জেসমিনের আগের সংসারে চার বছরের এক মেয়েসন্তান আছে। এসব নিয়ে দাম্পত্য কলহের জেরে গতকাল রাত দেড়টার দিকে নুর ইসলাম কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন। এতে জেসমিনের মাথা ফেটে যায়। এ সময় জেসমিনের মেয়ের চিৎকারে আশপাশের লোকজন নুর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ঝগড়ার একপর্যায়ে নুর ইসলাম তাঁর স্ত্রীর মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে তাঁর স্ত্রীর মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। তাঁর লাশ আজ সকালে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।