কোনো ইশারা-ওহিতে কাজ হবে না, নিশ্চয়তা দিলেন নির্বাচন কমিশনার আহসান
মেহেরপুরে এক সভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেছেন, ‘কোনো ইশারা, কোনো ওহিতে কাজ হবে না। আমি গ্যারান্টিসহ (নিশ্চয়তা) বলে দিয়ে গেলাম। আপনারা চাইলে স্ট্যাম্পে লিখে দিয়ে যাব।’
মেহেরপুরে পৌরসভা ও সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি হলে এই সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব খান বলেন, ‘অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারি, সেটিই আমাদের লক্ষ্য। এবারে দেশে ইভিএমের মাধ্যমে ১৩৩টি ইউনিয়ন ৬টি পৌরসভা ও একটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমার কথায় যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে বিশ্বাস করতে পারেন। স্বচ্ছতার প্রতীক হচ্ছে ইভিএম। যতক্ষণ একজন ভোটার ইভিএমের কাছে না যাচ্ছেন, ততক্ষণ ওই ভোটারের ভোট কেউ দিতে পারবেন না।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যদি গোপন কক্ষে কেউ থেকে থাকেন, তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার মাথার ওপরে সিসি ক্যামেরা থাকবে। বুথে প্রবেশ ও বের হওয়ার পথে ক্যামেরা থাকবে। শুধু গোপন কক্ষে কী হচ্ছে, আমরা জানব না। এ ছাড়া প্রতিটি বিষয়ে আমরা জানব এবং যা আমরা ঢাকা থেকে মনিটর করতে পারব।’ তিনি বলেন, এ ছাড়া কার্ডধারী সাংবাদিক এক সময়ে দুজন করে প্রবেশ করতে পারবেন। তাঁরাও মনিটর করবেন। তাঁরা গোপন কক্ষে যেতে পারবেন না। স্বচ্ছতার প্রতীক হিসেবে নির্বাচনটি তিনি মেহেরপুরবাসীকে উপহার দিতে চান।
যে ছাত্র পড়াশোনা করে, সে ছাত্র নকল করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, পড়াশোনার সময় কিন্তু এখনো আছে। আমাদের ভোট গ্রহণের এখনো কিন্তু ১৮ দিন রয়েছে। যেসব ছাত্র এখনো মনে করছে যে নকল করে পাস করব, তারা যেন একটু পড়াশোনা করে। তাদের বই হচ্ছে জনগণের মন। আপনারা যাঁরা স্বচ্ছ, তাঁরাই জনগণের মন জয় করতে পারবেন।’
মতবিনিময় সভায় অতিথিদের বক্তব্যের পর প্রার্থীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মোতাচ্ছেম বিল্লাহ বলেন, ‘নির্বাচন আচরণবিধিতে বলা হচ্ছে, একজন প্রার্থী পাঁচটির অধিক নির্বাচনী অফিস দিতে পারবেন না। কিন্তু কেউ কেউ বেশি দিয়ে ফেলেন। সে ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ দেওয়া হয়। কাজ হয় না। ভোটকেন্দ্রে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে হবে। ভোটকেন্দ্রে গোপন কক্ষে কোনো বাড়তি লোক থাকতে পারবেন না। এজেন্টরা কালো কাপড় দিয়ে ঢাকা গোপন কক্ষে প্রবেশ করে নৌকায় মারো, ধানের শীষে মারো, করতে যেন না পারেন।’
জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘একজন প্রার্থীর পাঁচটি অফিস থাকার কথা। এর বেশি হলে সাংবাদিক ভাইয়েরা আপনারা চিহ্নিত করেন। স্বচ্ছতা, সততা নিয়ে এগুলোকে নির্ভয়ে প্রকাশ করুন। আমরা কমিশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা আপনাদের পাশে আছি। সততার পাশে আছি। বহিরাগতরা ঢুকছেন। আমি এসপি (পুলিশ সুপার) মহোদয়কে অনুরোধ করব যে আপনি চেকপোস্ট বসান। চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চেক করুন। বহিরাগতদের পরিচয়পত্র নেন যে তাঁরা কেন এসেছেন।’
সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান বলেন, শ্যামপুর ইউপি নির্বাচনে যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এসব ভিডিও করে নির্বাচন কর্মকর্তাদের দিলে কী কোনো প্রকারের সহযোগিতা পাওয়া যাবে? এমন প্রশ্নে উত্তরে কমিশনার আহসান হাবিব বলেন, ‘আপনারা এমন অভিযোগ পেলে আপনাদের রিটার্নিং কর্মকর্তাকে পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা কমিশন বরাবর পাঠাবেন।’ এ সময় জেলা প্রশাসক মনসুর আলম খান বলেন, তথ্য-প্রমাণ সরাসরি নির্বাচন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান, স্বতন্ত্র মেয়র প্রার্থী নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় সম্পত্তির বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু এতবার লিখিত অভিযোগের পরও কেন তা বাতিল হলো না।
এই প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক মনসুর আলম খান বলেন, মোতাচ্ছেম বিল্লার হলফনামায় দুটি তথ্য ভুলবশত দিতে পারেননি। সেটি পরে আবার সংযুক্তি আকারে জমা দিয়েছেন। এ কারণে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য করা যায়নি। এরপরও কোনো অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হতে পারেন।
পরে নির্বাচন কমিশন আহসান হাবিব বলেন, ‘নির্বাচনে একের অধিক খেলোয়াড় না থাকলে তো খেলায় একতরফা ফলাফল হয়ে যায়। আপনারা জনগণের কাছে নিজেদের যাচাই করেন। জনগণ যাঁকে পছন্দ করবেন, তিনি জয়ী হবেন।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার, নির্বাচন কমিশনের খুলনা অঞ্চলের কর্মকর্তা ইউনুচ আলী, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার প্রমুখ।
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার নবগঠিত দুই ইউপিসহ মোট চারটি ইউনিয়নের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।