সারা দেশে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন ধরে নিস্তব্ধ মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকা। প্রশাসনের কড়াকড়ি থাকায় ঘাটের সব ধরনের দোকানপাট বন্ধ। যাত্রীদের আনাগোনাও নেই ঘাটে। ব্যস্ততম এই নৌপথে বিরাজ করছে সুনসান পরিবেশ।
এদিকে যানবাহনের চাপ কম থাকায় অতি জরুরি প্রয়োজনে ৭টি ফেরি উভয় ঘাট থেকে চলাচল করছে। জরুরি প্রয়োজনে চলা এসব ফেরিতে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি বহন করা হচ্ছে। ঘাটে আসা ফেরিতে হাতে গোনা কয়েকজন যাত্রীও হচ্ছে পারাপার।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার ভোর থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলায় সীমিত করা হয় ফেরি চলাচল। লকডাউনের প্রথম দিন থেকেই ঘাট এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের কড়াকড়ি থাকায় ঘাটে প্রবেশ করতে পারেনি সাধারণ যাত্রী ও যাত্রীবাহী কোনো যানবাহন। লকডাউনের প্রথম দুদিন ১৪টি ফেরি চলাচল করলেও গত শনিবার থেকে এই নৌপথে ৭টি ফেরি অতি জরুরি প্রয়োজনে ছাড়া হচ্ছে। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করা হয়। ঘাট এলাকায় কঠোর অবস্থানে রয়েছে থানা-পুলিশ, ট্রাফিক পুলিশ ও নৌ পুলিশ। এ ছাড়া বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছেন।
জানতে চাইলে সোমবার বেলা ১১টায় বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ভজন সাহা প্রথম আলোকে বলেন, ‘এখন ফেরিঘাটে যানবাহনের জন্য অপেক্ষা করছে। জরুরি ভিত্তিতে কোনো গাড়ি আসামাত্রই ঘাট থেকে ফেরি ছাড়া হয়। এই চিত্র অনেকটা ইউরোপের মতো। কোনো যানজট কিংবা ভিড় নেই। কোনো বিশৃঙ্খলাও নেই। আমরাও লকডাউনের এই কটা দিন স্বস্তিতে ঘাট পরিচালনা করছি।’
সরেজমিনে দেখা যায়, ঘাটের তিনটি টার্মিনাল পুরোটাই ফাঁকা। চারটি পন্টুন নিয়ে ঘাটের বিশাল এলাকায় অন্তত শতাধিক খাবারের দোকানপাট সবই বন্ধ। প্রতিটি ঘাটের সংযোগ সড়কে পুলিশের কড়াকড়ি। জরুরি প্রয়োজনে আসা যানবাহনগুলো ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে। যানবাহনের চাপ কম থাকায় বড় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা। উভয় ঘাট থেকে ছোট ও মাঝারি বর্ণের দ্রুতগতিতে চলা ফেরিগুলো চলাচল করছে।
বরিশাল থেকে আসা ঢাকাগামী যাত্রী শামীম আহমেদ বলেন, ‘রোগী নিয়ে ঢাকা যাচ্ছি। ঘাট পর্যন্ত আসতে বেশ কয়েকবার পুলিশের চেকপোস্ট কাটাতে হয়েছে। জরুরি না হলে ঘাট পর্যন্ত আসতে পারতাম না। ঘাটে আসার পরে কোনো দুর্ভোগ ছাড়াই ফেরি পাই।’
বাগেরহাট থেকে আসা সোলাইমান শেখ নামে আরেক যাত্রী বলেন, ‘লকডাউনের আগে দেশে এসে আটকা পড়ি। ঢাকায় যাওয়াটা খুব জরুরি। তাই ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত আসছি। এখন ফেরিতে পুলিশ উঠতে দিচ্ছে না। অনেক অনুরোধ করার পরে তারা ছাড়ে আমাকে।’
জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘাটে শতভাগ লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। ঘাটে জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি ও যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি গাড়িকে চেক করা হচ্ছে। লকডাউনের বিধিনিষেধে থাকা নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর অবস্থানে রয়েছি।’