কোনো রকমে বেঁচে আছেন আর্টিজানের কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস আগেও খেয়ে-পরে দিব্যি চলছিল শিশির সরকারের। কাজ করতেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে। স্ত্রী-পুত্র নিয়ে থাকতেন কালাচাঁদপুরে। হঠাৎ নৈমিত্তিক জীবনে ছন্দপতন। দুই মাস ধরে বেকার। বাড়ি ভাড়া দিতে না পেরে পরিবার নিয়ে উঠেছেন কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায়।
এই বিপর্যয়ের শুরু ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর। যৌথ বাহিনীর অভিযানের পর থেকে বেকারি বন্ধ। ওই জায়গায় আবার ব্যবসা শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে মালিকপক্ষ। নিরুপায় হয়ে পড়েছেন শিশিরের মতো ওই রেস্তোরাঁর আরও অনেক কর্মচারী।
জঙ্গি হামলার দিন রেস্টুরেন্টে আটকা পড়েছিলেন শিশির। তিনি ছিলেন বাবুর্চির সহকারী। যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার পান পরদিন সকালে। প্রথম আলোকে শিশির বলেন, তাঁর দুই ছেলে। মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করতেন।
শিশির পাস্তা, ফাস্ট ফুড ও ইন্ডিয়ান খাবার তৈরি করতেন। ভেবেছিলেন দক্ষতা আছে, কাজের অভাব হবে না। চাকরির জন্য উত্তরার কয়েকটি রেস্টুরেন্টে যোগাযোগ করে ভুল ভেঙেছে। কেউ চাকরি দেয়নি।
হলি আর্টিজানে ৭৫ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে ৫০ জনই চাকরি হারিয়েছেন জঙ্গি হামলার পর। বাকি ২৫ জনকে নিজেদেরই অন্য রেস্টুরেন্টে কাজ দিয়েছে হলি আর্টিজান কর্তৃপক্ষ। অভিযানে উদ্ধার পাওয়া ১৬ জন কর্মচারীর (হামলার ঘটনায় করা মামলায় উল্লেখিত) মধ্যে ১৪ জনও রয়েছেন চাকরি হারানোদের তালিকায়।
সব কর্মচারীকে দুই মাসের মূল বেতন দিয়েছে কর্তৃপক্ষ। কর্মচারীরা বলছেন, তাঁদের আয়ের মূল অংশটি আসত ‘সার্ভিস চার্জ’ থেকে।
বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন মো. সবুজ হোসেন। রেস্টুরেন্টের একটি শৌচাগারে আরও নয়জনের সঙ্গে হামলার দিন সারা রাত আটকা পড়েছিলেন তিনি। চার ভাইবোনের মধ্যে সবার বড় সবুজ। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর পরিবার। সবুজ বলেন, চাকরি না থাকায় স্ত্রী-সন্তানকে এরই মধ্যে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নতুনবাজারে একটি মেসে থেকে চাকরি খুঁজছেন। এরই মধ্যে অনেক জায়গায় গেছেন কিন্তু কাজ পাননি।
কাজ খুঁজে পাননি বাবুর্চির আরেক সহকারী শিশির বৈরাগীও। রেস্তোরাঁর কাজ ছেড়ে রাস্তায় নেমেছেন। কিডনির সমস্যায় আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য তিনি এখন মাঝেমধ্যে টুথব্রাশ ফেরি করে বেড়ান গুলশান ও বনানী এলাকায়। ফার্মগেটের একটি রেস্তোরাঁয় বসে প্রথম আলোকে শিশির বলেন, কোরিয়ার জনপ্রিয় কিছু খাবার তিনি রান্না করতে পারেন। তাই বিভিন্ন কোরীয় রেস্তোরাঁ ও অতিথিশালায় কাজের খোঁজে গিয়েছিলেন। কিন্তু সবাই বলছেন রেস্টুরেন্টে ক্রেতা নেই, আপাতত কাজ দেওয়া সম্ভব নয়।
হলি আর্টিজানে স্প্যানিশ ও জাপানিজ খাবার তৈরিতে বাবুর্চিকে সহায়তা করতেন দ্বীন ইসলাম (রাকিব)। প্রথম আলোকে তিনি বলেন, ‘কোনো রকম দিন চলে যাচ্ছে।’
হামলার সময় শৌচাগারে আটকা পড়া সমীর বাড়ৈ মুঠোফোনে তাঁর এক আত্মীয়কে খুদেবার্তার মাধ্যমে জানিয়েছিলেন তাঁদের অসহায়ত্বের কথা। বিভিন্ন গণমাধ্যমে তাঁর এই বিষয়টি গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিল। সমীর জানান, হলি আর্টিজান থেকে দেওয়া মূল বেতন দিয়ে কোনো রকম চলছে তাঁর। চাকরি না পাওয়ার কথা জানান আকাশ খান, দেলোয়ার হোসেনও।
গত পয়লা জুলাই রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে পরদিন সকাল সাড়ে আটটার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়, যাঁদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। উদ্ধার অভিযানে নিহত হন আরও পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের এক কর্মচারী। এর আগে ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরবর্তী সময়ে সন্দেহভাজন হিসেবে আটক রেস্টুরেন্টের আরেক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হলি আর্টিজানের অন্যতম মালিক আলী আরসালান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের পারছি তাঁদের অন্য জায়গায় চাকরি পাইয়ে দিতে চেষ্টা করছি। বন্ধুবান্ধব, পরিচিতজনেরাও সহায়তা করছেন। এ ছাড়া হলি আর্টিজানের একটি শাখা খোলার চেষ্টা চলছে। সেখান থেকে শুধু খাবার পার্সেল দেওয়া হবে। সেখানে হয়তো সবাইকে কাজ দেওয়া সম্ভব হবে না।