কোভিড-১৯ রোগে ফেনী জেলা ছাত্রলীগ নেতার বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ফেনী জেলা ছাত্রলীগের এক নেতার বাবার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম সামছুল হক (৭০)। তিনি ফেনী শহরের মনির উদ্দিন সড়কের দারোগা বাড়ির বাসিন্দা। জেলা ছাত্রলীগের সহসভাপতি তারেকুল ইসলাম তাঁর ছেলে।

সামছুল হকের পারিবারিক সূত্র জানায়, সামছুল হক গত ২৮ জুন জ্বরে আক্রান্ত হন। বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন পর জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনাভাইরাসের শনাক্তকরণ পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। পরে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।

গত মঙ্গলবার হঠাৎ করে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। গতকাল রোববার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর স্বজনেরা তাঁর লাশ ফেনী শহরের বাড়িতে নিয়ে আসেন। আজ সোমবার বিকেলে প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।