কোভিডে যশোরের প্রথম ব্যক্তির মৃত্যু

কোভিড-১৯ পজিটিভ হয়ে যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে খুলনার একটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে(ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম আমির হোসেন (৭৫)। তিনি উপজেলার নওয়াপাড়ার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া যশোরের প্রথম ব্যক্তি আমির।
আমির হোসেন সার, সিমেন্ট এবং চালের ব্যবসায়ী ছিলেন। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, নওয়াপাড়া মোগল হেলথ কমপ্লেক্স এবং নওয়াপাড়া রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা। আমি দীর্ঘদিন নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি ছিলেন। নওয়াপাড়ার একমাত্র সিনেমা হল বর্ণালীর মালিক তিনিই।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন আমির হোসেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় ১ জুন তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। তাতে দেখা যায়, তিনি করোনা ‘পজিটিভ’।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার আমির হোসেনকে খুলনায় নেওয়া হয়। তাঁকে খুলনা নগরের একটি ক্লিনিক ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।