কোভিডে শিক্ষকের মৃত্যুর পর স্ত্রী ও ছেলেমেয়ে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহীর মোহনপুর উপজেলার এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর পর তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। রোববার রাজশাহীতে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল কবির প্রথম আলোকে বলেন, মাদ্রসাশিক্ষক মারা যাওয়ার পরের দিনই তাঁদের পরিবারের সবার নমুনা নেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যায় তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁরা আগে থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন।

৯ জুন করোনায় সংক্রমিত হয়ে মারা যান উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক (৬০)। তাঁকে ৮ জুন দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে ২০ নম্বর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটায় তাঁর মৃত্যু হয়।

রোববার রাজশাহী জেলায় এই তিনজনসহ মোট পাঁচজন কোডিভ-১৯–এ আক্রান্ত হয়েছেন। অন্য দুজনের একজন রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী এবং অরেকজন বাঘা উপজেলার বাসিন্দা। এ নিয়ে রাজশাহী মহানগরের কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ ও জেলায় ১২৯।