কোমর ও পায়ে জাল বাঁধা অবস্থায় কৃষকের লাশ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলার একটি মাছের ঘের থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচাকড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কৃষকের নাম ভোলানাথ বিশ্বাস (৬৬)। তাঁর বাড়ি উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামে। ঘের থেকে লাশ উদ্ধারের সময় ভোলানাথের কোমরে ও পায়ে জাল বাঁধা ছিল।
নিহতের পরিবার জানায়, গতকাল সোমবার ভোরে ভোলানাথ বাড়ির পাশে নিজেদের মাছের ঘেরে যান। এর পর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও গতকাল তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ সকালে মাছের ঘেরে দড়ি টেনে তাঁকে খোঁজা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ভোলানাথের ছেলে পরিমল বিশ্বাস বলেন, লাশ উদ্ধারের পর দেখা যায় যে তাঁর বাবার কোমরে ও ডান পায়ে লম্বা জাল বাঁধা ছিল। কোমরে বাঁধা জালের অপর প্রান্তে তিনটি ইট এবং পায়ে বাঁধা জালের সঙ্গে দুটি ইট বাঁধা ছিল। ঘেরের ব্যবসা মন্দা যাওয়ায় তাঁর বাবা বেশ কিছুদিন ধরে হতাশায় ছিলেন। এ কারণে তাঁর বাবা আত্মহত্যা করতে পারেন বলে তিনি ধারণা করছেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, এটা হত্যা না আত্মহত্যা, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।