কোম্পানীগঞ্জে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় সাফায়েত হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পরে চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।
নিহত সাফায়েত চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুদ্দা আলা বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
নিহত শিশুর চাচা পারভেজ জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি নতুন বাজারের দিকে একাই যাচ্ছিল সাফায়েত। মানিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তায় পৌঁছালে দ্রুতগামী একটি অটোরিকশা সাফায়েতকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহত শিশুর পরিবার মামলা করলে পুলিশ আইন অনুসারে ব্যবস্থা নেবে।