কোম্পানীগঞ্জে আবার মুখোমুখি আ.লীগের দুই পক্ষ, পাল্টাপাল্টি কর্মসূচি
একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে। আগামীকাল রোববার উভয় পক্ষ রামপুর ইউনিয়নের রংমালা দারুস সুন্নাহ সিনিয়র মডেল মাদ্রাসা প্রাঙ্গণে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি থেকে তাঁর অনুসারীকে বাদ দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মাদ্রাসার অধ্যক্ষকে গালাগাল ও অপমান করার অভিযোগ এনে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরা।
সমাবেশ সফল করতে দুই পক্ষের নেতা–কর্মীরা গতকাল শুক্রবার রাত থেকে প্রচারণা শুরু করেছেন। এর ফলে কয়েক দিন কিছুটা শান্ত থাকার পর আবারও কোম্পানীগঞ্জের রাজনীতি সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
দলীয় ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী ২০০৯ সাল থেকে স্থানীয় সাংসদের (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) প্রতিনিধি হিসেবে রংমালা দারুস সুন্নাহ সিনিয়র মডেল মাদ্রাসার সভাপতি নিযুক্ত হন। গত জুলাই মাসে কমিটির মেয়াদ শেষ হয়। করোনা পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি অ্যাডহক কমিটি অনুমোদন করে আনেন। ওই কমিটিতে ইস্কান্দার হায়দার চৌধুরীকে বাদ দিয়ে ওবায়দুল কাদেরের ভাগনে (কাদের মির্জার প্রতিপক্ষ) মাহবুবুর রশিদকে সভাপতি করা হয়। গত ২ আগস্ট অ্যাডহক কমিটি অনুমোদন পায়।
নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানাজানি হলে শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানে কাদের মির্জা রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। রাতে ফেসবুক লাইভে এসে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন নবনিযুক্ত সভাপতি মাহবুবুর রশিদ। তিনি কাদের মির্জার বিরুদ্ধে ফেসবুক লাইভে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লা আল-মামুনকে গালমন্দ ও অপমানের অভিযোগ আনেন।
ইস্কান্দার হায়দার চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের দ্বিধাবিভক্তি দেখা দিলে আবদুল্লা আল-মামুন মিজানুর রহমানের পক্ষে চলে যান। এ কারণে কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই অধ্যক্ষ তাঁকে বাদ দিয়ে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করিয়ে আনেন, যেটিতে মাহবুবুর রশিদকে সভাপতি করা হয়েছে। তিনি দাবি করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে সরানো হয়েছে। তিনি বলেন, এর প্রতিবাদে রোববার সকাল ১০টায় মাদ্রাসার মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। সে লক্ষ্যে তাঁদের প্রস্তুতি চলছে।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবদুল্লা আল-মামুন প্রথম আলোকে বলেন, গত জুলাই মাসে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু করোনার কারণে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় বোর্ডের বিধিবিধান মেনে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি কাদের মির্জা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন এবং ফেসবুক লাইভে তাঁকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা ও অশ্লীল কথাবার্তা বলেছেন, যা খুব দুঃখজনক।
এ বিষয়ে মাহবুবুর রশিদ প্রথম আলোকে বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিধিবিধান মেনে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে সভাপতি নির্বাচন করেছে। ইতিমধ্যে বোর্ড নতুন কমিটি অনুমোদন করেছে। কিন্তু কাদের মির্জা এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার অধ্যক্ষকে ফেসবুক লাইভে অপমান করেছেন। তাই তাঁরা সমাবেশ আহ্বান করেছেন। কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে তিনি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছেন। সমাধান না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর প্রথম আলোকে বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে তিনি অবহিত। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।