কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন–পরবর্তী হামলায় বিজয়ী প্রার্থীর দুই সমর্থক আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন–পরবর্তী পৃথক দুটি হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন চরকাঁকড়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মো. সুমন (২৫) ও নতুন বাজার এলাকার বাসিন্দা মো. সুজন (৩০)। দুজনকে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজনেই ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হানিফের অনুসারী।
হানিফ অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তাঁর অনুসারী মোহাম্মদ সুমনের ওপর অতর্কিতে হামলা চালান পরাজিত প্রার্থী হাজী শফি উল্লাহর লোকজন। হামলার পর আহত সুমনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর আরেক অনুসারী মোহাম্মদ সুজনের ওপর চরকাঁকড়া নতুন বাজার এলাকায় হামলা চালানো হয়। এতে সুজন মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রথম ঘটনায় হানিফ বৃহস্পতিবার রাতেই কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সুমনের ওপর হামলার ঘটনায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিযোগের বিষয়ে পরাজিত প্রার্থী শফি উল্লাহ বলেন, নির্বাচন হওয়ার পর তিনি ফল মেনে নিয়ে তাঁর সব কর্মী-সমর্থককে নিজের বাড়িতে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেও বাড়িতে অবস্থান করছেন। তাঁর কোনো লোক কোনো ধরনের হামলার ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি যত দূর জেনেছেন, হামলার ঘটনা বিজয়ী প্রার্থীর লোকজন এর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে চরকাঁকড়া হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবারের হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে এই ঘটনায় দুপুর পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে।