কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, আহত ৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ কমপক্ষে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে মো. লিটন (৪৫) নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ছয়জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কবিরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বসুরহাটের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে কোম্পানীগঞ্জের লোহার পোল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং দোকানের ব্যবসায়ী, ক্রেতাসহ সাতজন আহত হন। স্থানীয় বাসিন্দারা বলছেন, দুর্ঘটনার শিকার দোকানগুলো সড়ক ঘেঁষে নির্মাণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটারম্যান রাফিউজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।