কোম্পানীগঞ্জে বালু উত্তোলনকারীদের হামলায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান আহমদ (২৪)
সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদের ঢালারপার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের নাম আসাদুজ্জামান আহমদ (২৪)। গত রোববার ধলাই নদের ঢালারপার মোহনার কাছে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে সড়কে ফেলে রেখে যায়। আসাদুজ্জামান কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়েনের দক্ষিণ রাজনগরের নতুন বস্তির কফিল উদ্দিনের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন বলেন, ধলাই নদের তিনটি অংশে রয়েছে জেলা প্রশাসনের সায়রাত বালুমহাল। এবার ধলাই দক্ষিণ বালুমহাল ইজারা দেওয়া হয়। বাকি দুটি মহাল ইজারা দেওয়া হয়নি। সেগুলো থেকেও অবৈধভাবে এবার বর্ষার শুরু থেকে বালু উত্তোলনের মচ্ছব শুরু হয়। এ নিয়ে প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ধলাই নদের তীরের বাসিন্দারা বলেন, ঢালারপার এলাকাটি ইজারা দেওয়া হয়নি। তারপরও সেখান থেকে বালু উত্তোলন চলছিল। এ অবস্থা ঠেকাতে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স একাধিক অভিযানও চালিয়েছে। সর্বশেষ ১৩ আগস্ট ঢালারপার এলাকায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গ্রামবাসী কালাপাথর বাঁধ এলাকায় প্রতিবাদ করেন।

এ ঘটনার পর ঢালারপার এলাকায় বালু উত্তোলনকারীদের সঙ্গে স্থানীয় লোকজনের উত্তেজনা চলছিল। নিহত আসাদুজ্জামান একাধিকবার বালু তোলার প্রতিবাদ করেন। বালু কারবারিদের সঙ্গে একাধিকবার তাঁর বচসাও হয়। এ নিয়ে রোববার অতর্কিত হামলার শিকার হন আসাদুজ্জামান। তাঁকে ঢালারপার মোহনায় মারধর করে রাস্তায় ফেলে যায় একদল সন্ত্রাসী। সেখান থেকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

আসাদুজ্জামানের এক আত্মীয় জানান, রোববার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ছেলেটি (আসাদুজ্জামান) তিন দিন ধরে হাসপাতালে অবচেতন অবস্থায় ছিলেন। পুলিশ এত দিন ঘটনার ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি। তাঁরা চান সন্ত্রাসী হামলাকারীসহ এর আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতাদের আসামি করে মামলা হোক। একই সঙ্গে পুলিশ নীরব ছিল কেন—এ বিষয়েরও তদন্ত হোক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, দুপুরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্ত্রাসী হামলার পর পুলিশ আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। তখন চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে তাঁরা থানায় কোনো অভিযোগ দিতে পারেননি। বিষয়টি স্থানীয় ইউপির চেয়ারম্যানও জানেন।

ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ঢালারপারের মোহনার কাছে যে স্থান নিয়ে বচসা হয়েছে, সেই জায়গার মালিক ও কিছু বালুর কারবারি এ ঘটনার জন্য দায়ী। আহত ছেলেটি মারা যাওয়ার পর পুলিশ মামলা দিতে বলেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলার প্রস্তুতি চলছে। এর আগে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি কিছু জানেন না।