কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেলের বিস্ফোরণ, গুলি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ফাঁকা গুলি ও ককটেল হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আজ সোমবার বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে। তবে হামলাকারীদের কাউকে আটক করা যায়নি।
এদিকে সোমবার বিকেলে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বসুরহাটের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সোমবার বিকেল আনুমানিক চারটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল দুর্বৃত্ত বসুরহাটের দিক থেকে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে আসে। সেখানে তারা কয়েকটি ককটেল হামলা চালায় এবং একটি ফাঁকা গুলি করে। এরপর তাৎক্ষণিক দুর্বৃত্তরা অটোরিকশাযোগে দ্রুত দাগনভূঁইয়ার দিকে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত এবং পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করে। দুর্বৃত্তদের কাউকে স্থানীয় কেউ চিনতে পারেনি।
এদিকে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মিজানুর রহমান বাদলের অনুসারী এসএসসি পরীক্ষার্থী মো. আসিফকে (১৬) পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আরও দুজন আহত হয়।
মন্ত্রীর বাড়ির সামনে থেকে ককটেল ও কার্তুজ উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু। প্রথম আলোকে তিনি বলেন, কাদের মির্জা আমেরিকায় বসে বসুরহাটে তাঁর অনুসারীদের দিয়ে নাটক সাজিয়ে তাঁদের ঘায়েল করার ষড়যন্ত্র করছেন। এসব কারণে মাহবুবুরদের অনুসারীরা মন্ত্রীর বাড়ির এলাকায়ও যান না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে একটি অটোরিকশা নিয়ে যাওয়ার পথে কয়েকটি ককটেল হামলা চালায় এবং একটি ফাঁকা গুলি করে। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ছাড়া সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় কাদের মির্জার এক অনুসারী আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সাইফুদ্দিন আনোয়ার। তবে প্রতিপক্ষের কেউ আহত হওয়ার কথা তিনি শোনেননি।