কোরবানির আগে এলাকায় সাড়া ফেলেছে বুরহানের ‘জন সিনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ মণ ওজনের ‘জন সিনা’কে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুমুরিয়া গ্রামে।
ছবি: প্রথম আলো

রেসলার জন সিনাকে খুব পছন্দ করেন বুরহান উদ্দিন। নিয়মিত তাঁর রেসলিংও দেখেন। গায়ে গতরে বড় হওয়ায় নিজের পালিত গরুটির নাম দিয়েছেন ‘জন সিনা’। বুরহানের ‘জন সিনার’ ওজন এখন প্রায় ৪০ মণ। এলাকায় তাঁর ‘জন সিনা’ই সবচেয়ে বড় গরু বলে দাবি বুরহান উদ্দিনের। কোরবানির বাজারে বিক্রির জন্য তিনি গরুটির দাম হাঁকছন ৩০ লাখ টাকা।

খামারি বুরহান উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে।

এবারের কোরবানি ঈদ সামনে রেখে বুরহানের ‘জন সিনা’ এলাকায় বেশ সাড়া ফেলেছে। গরুটি দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন। তিন বছর ধরে তিনি গরুটির লালনপালন করে আসছেন। শখের বশে তিনি উন্নতমানের ফ্রিজিয়ান প্রজাতির গরুটি লালনপালনের জন্য সুষম খাদ্য ও উপযুক্ত চিকিৎসা দিয়েছেন এবং নিয়মিত পরিচর্যা করছেন।

বুরহান উদ্দিন জানান, প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ গরুটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করছে। গরুটিকে দানাদার ও তরল খাদ্য হিসেবে খৈল, ভুট্টা, বুট ও ছোলার ভুসি, কলা, খড়, নেপিয়ার ঘাস ও কুঁড়া খাওয়ানো হয়। ‘জন সিনা’ খুবই শান্ত প্রকৃতির। বুরহান বলেন, আকারে বড় হওয়ায় ও রেসলার জন সিনা তাঁর প্রিয় ব্যক্তিত্ব হওয়ায় তিনি গরুটির নাম রাখেন ‘জন সিনা’।

বুরহান বলেন, তিন বছর আগে ফ্রিজিয়ান প্রজাতির বাছুর গরুটি বাজার থেকে প্রায় এক লাখ টাকা দিয়ে তিনি কিনে আনেন। বর্তমানে ৪ দাঁতের গরুটির ওজন প্রায় ৪০ মণ বা ১৬০০ কেজি। গরুটি উচ্চতা প্রায় ৬ ফুট আর লম্বায় ৯ ফুট। বুরহান গরুটির দাম চাচ্ছেন ৩০ লাখ টাকা।