কোরবানির জন্য মজুত ১ কোটি ১৯ লাখ গবাদিপশু
এক মাস পরেই মুসলমানের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ধর্মপ্রাণ মুসলমান গবাদিপশু কোরবানি করেন। কোরবানি দেওয়ার জন্য ১ কোটি ২৯ লাখ গবাদিপশু মজুত আছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আজ বুধবার ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে খামারি মাঠ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। এর আগে সকাল ১০টায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন, সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের খামারি মাঠ দিবসের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী শ ম রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদকে সবচেয়ে গুরুত্ব দেন। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে সজাগ।’ তিনি আরও বলেন, ‘যদি আপনার পুকুর কাটার জায়গা থাকে, আমরা পুকুর কেটে দেব। যদি পুকুরে মাছের পোনা ছাড়ার সামর্থ্য না থাকে আমরা পোনা দেওয়ার ব্যবস্থা করব। আপনারা নিজের জন্য, দেশের জন্য মাছ চাষ করুন।’
রেজাউল করিম বলেন, ‘খামারিরা নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি কেন অন্য মানুষের কাছে হাত পাতবেন। মাছ চাষ ও পশু-পাখি পালন করে স্বাবলম্বী হোন।’
সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় আবার লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু মাছ, মাংস, দুধ, ডিম পরিবহনের ক্ষেত্রে কোনো বাধা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব দ্রব্য পরিবহনে কোনো বাধা দেবে না।’
সভায় সম্মানিত অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আজিজুর রহমান বলেন, ‘ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুবই উৎকৃষ্ট ও সুস্বাদু। এ জাতের ছাগলের চামড়া সারা বিশ্বে সমাদৃত।’
শেখ আজিজুর রহমান আরও বলেন, ‘ছাগলের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগ পিপিআর। আমরা সারা বাংলাদেশে ছাগলের এ রোগের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। পঞ্চগড় থেকে এ রোগের টিকা দেওয়া শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে আমরা দেশ থেকে ছাগলের এ রোগ নির্মূল করব।’
সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) অতিরিক্ত পরিচালক আজহারুল আমিন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন, সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের পরিচালক এবং ছাগল ও ভেড়া গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ছাদেক আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিএলআরআইর মহাপরিচালক আবদুল জলিল।