কোরীয় প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ দাবি, মেয়র বললেন চুক্তি ভুয়া

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির দাবি, তাদের সঙ্গে আটটি ট্রাক কেনার চুক্তি হয়েছিল। সিটি মেয়র বললেন, এমন কোনো চুক্তি হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান দাবি করেছে, ৯০ কোটি টাকায় আটটি অগ্নিনির্বাপক (ফায়ার ফাইটিং) ট্রাক কিনতে তাদের সঙ্গে চুক্তি করেছিল রাজশাহী সিটি করপোরেশন। কিন্তু করপোরেশন চুক্তি মেনে ট্রাকগুলো কেনেনি। এতে সুনাম ক্ষুণ্ন হওয়াসহ অন্যান্য খরচ বাবদ আড়াই কোটি টাকা (৩ লাখ ইউএস ডালার) ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিদেশি একটি প্রতিষ্ঠানের এমন অভিযোগকে ভুয়া বলছে রাজশাহী সিটি করপোরেশন। গতকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বিষয়টি হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এমন কোনো চুক্তি দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হয়নি। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন অভিযোগ তোলা হয়েছে।

সিটি মেয়র আরও বলেন, সিটি করপোরেশন বাংলাদেশের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এর কার্যাবলির মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। এ জন্য সরকারের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নামের একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সংস্থা রয়েছে। স্বভাবতই সিটি করপোরেশনের এই ট্রাক কেনার প্রশ্নই আসে না। তাই এই চুক্তিপত্রের বিষয়টি অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক।

সিটি করপোরেশনের কার্যাবলির মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। এ জন্য সরকারের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নামের একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সংস্থা রয়েছে। স্বভাবতই সিটি করপোরেশনের এই ট্রাক কেনার প্রশ্নই আসে না।
এ এইচ এম খায়রুজ্জামান, মেয়র, রাজশাহী সিটি করপোরেশন

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের বিরুদ্ধে ১১ ফেব্রুয়ারি একটি চিঠি ইস্যু করেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চিঠিতে দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মালামাল না নেওয়ার অভিযোগ করা হয়েছে। অবশ্য এর আগে দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠান রাজশাহী সিটি করপোরেশন বরাবর ৯০ কোটি টাকার একটি ক্রয়চুক্তি সম্পাদনের দাবি করে ‘ডিমান্ড নোটিশ’ পাঠায়। সেই নোটিশের জবাব না পেয়ে সিউলের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দেয়।

এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং গতকাল সংবাদ সম্মেলন করেছে সিটি করপোরেশন। সংবাদ সম্মেলনে দূতাবাসের নোটিশ ও দক্ষিণ কোরিয়ার ওই কোম্পানির দাবির বিষয়ে সবকিছু ব্যাখ্যা করেন মেয়র খায়রুজ্জামান। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত) বরাবর চিঠি দিয়ে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির নাম শিনশিন গ্লোবাল কো. লিমিটেড। এই প্রতিষ্ঠানের কাছ থেকে রাজশাহী সিটি করপোরেশন আটটি অগ্নিনির্বাপক (ফায়ার ফাইটিং) ট্রাক কেনার জন্য চুক্তিপত্র করেছে বলে তারা নয়টি প্রমাণপত্র দেখিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাসে। তবে নথিগুলো ভুয়া বলে দাবি রাজশাহী সিটি করপোরেশনের। চুক্তির অর্থমূল্য দেখানো হয়েছে ১০ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি টাকার কিছু বেশি)।

নগর ভবনের অ্যানেক্স ভবনের সম্মেলনকক্ষে গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র খায়রুজ্জামান বলেন, ওই প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে প্রতারিত হয়েছে, নাকি নিজেরা বা তাদের সহযোগীদের দিয়ে কাজটি করে রাজশাহী সিটি করপোরেশনকে ফাঁসানোর চেষ্টা করেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।

মেয়র বলেন, ২০১৮ সালের ১৩ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠান রাজশাহীতে ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুতের প্ল্যান্ট নির্মাণের আগ্রহ দেখিয়ে সিটি মেয়র বরাবর চিঠি দেয়। এর সূত্র ধরে কোম্পানির প্রেসিডেন্ট বি সি শিন রাজশাহীতে আসেন। একাধিক আলোচনার পর সিটি করপোরেশন এ ব্যাপারে আগ্রহ না দেখালে এ নিয়ে আলোচনা শেষ হয়ে যায়।

এর প্রায় তিন বছর পর গত ১ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল উপদেষ্টা মো. আশরাফুল হককে বি সি শিন ফোন করে তাঁদের কাছ থেকে আটটি অগ্নিনির্বাপক ট্রাক কেনার চুক্তির বিষয়ে জানতে চান। তখন সিটি করপোরেশনের পক্ষ থেকে কোম্পানির সঙ্গে এ বিষয়ে কখনোই যোগাযোগ করা হয়নি বলে জানিয়ে দেওয়া হয়। এরপর বি সি শিন তাঁদের কাছ থেকে ট্রাক কেনার চুক্তির প্রমাণপত্র পাঠান। এই প্রমাণপত্র পর্যালোচনা করে দেখা যায়, তাঁরা মেয়রের সঙ্গে যে ই-মেইলে যোগাযোগের দাবি করেছে, সেটি ভুয়া। এ ঘটনায় ২৩ ডিসেম্বর প্রকৌশল উপদেষ্টা মো. আশরাফুল হক বোয়ালিয়া থানায় একটি জিডি করেন।

মেয়র বলেন, গত ৪ ডিসেম্বর ওই কোম্পানি যে ডিমান্ড নোটিশ পাঠিয়েছে, তার সঙ্গে সংযুক্তি হিসেবে পাওয়া নয়টি প্রমাণপত্র যাচাই-বাছাই করে মেয়রের পাসপোর্ট জালিয়াতি, ভুয়া ই-মেইল ঠিকানা ব্যবহার, সিটি করপোরেশনে কর্মকর্তার ভুয়া নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তারা যে প্যাড ব্যবহার করেছে, তা সিটি করপোরেশনের নয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে নাম ব্যবহার করেছে, সেই নামে কোনো ম্যাজিস্ট্রেট এখানে কর্মরত ছিলেন না। চুক্তিতে ইসলাম খান উদ্দিন নামে সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তার নাম, পদবি ও সিলমোহরের উল্লেখ রয়েছে, এই নামের কোনো কর্মকর্তা কখনো সিটি করপোরেশনে কর্মরত ছিলেন না।