কোল থেকে কেড়ে নেওয়ার পরদিন মাকে জানানো হলো শিশুটি বেঁচে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী
ফাইল ছবি

তিন মাস আগে কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ বাড়তে থাকে কাকলী আক্তারের (২৩)। কলহে স্বামীর পক্ষে যোগ দিতেন শাশুড়িসহ শ্বশুরবাড়ির সবাই। গত শুক্রবার কলহের একপর্যায়ে কাকলীকে মারধর করে কোল থেকে মেয়েকে কেড়ে নিয়ে তাঁকে চলে যেতে বলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাবার বাড়ি চলে আসার পরদিন কাকলীকে জানানো হয়, তাঁর মেয়ে মারা গেছে।

খবর পেয়ে কাকলী শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়ির বারান্দায় মেয়ের লাশ শোয়ানো অবস্থায় পান। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামে।

কাকলীর দাবি, তাঁকে বাড়ি থেকে বের করে দিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর সন্তানকে হত্যা করেছেন। কন্যাসন্তান হওয়ায় তাঁর মেয়েকে হত্যার শিকার হতে হয়েছে।

ঘটনার দিন শনিবার বিকেলেই পুলিশকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং কাকলীর শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির অন্য সদস্যরা ওই সময় পলাতক ছিলেন। পরদিন রোববার গোয়ালন্দ ঘাট থানায় কাকলীর স্বামী রুবেল ব্যাপারী, শ্বশুর ছহের উদ্দীন ব্যাপারী, শাশুড়ি রুবী বেগম ও ননদ চায়না বেগমকে আসামি করে একটি হত্যামামলা করেন কাকলী।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শাশুড়ি রুবী বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলহ ও কাকলীর কোল থেকে সন্তান কেড়ে রাখার কথা স্বীকার করেছেন। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রাতে শিশুটি বাবার সঙ্গেই ঘুমিয়েছিল। সকাল ১০টার দিকে তাঁরা দেখতে পান শিশুটি মারা গেছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রুবেল ব্যাপারী (২৮) ও কাকলী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। পরে রুবেলের পরিবার বিয়েটি মেনে নিয়ে কাকলীকে বাড়িতে তুলে নেয়। কাকলীকে গ্রামের বাড়িতে রেখে রুবেল ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিন মাস আগে তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। কন্যার নাম রাখা হয় রুনা।

কাকলীর অভিযোগ, কন্যাসন্তান হওয়ায় স্বামী ও তাঁর পরিবার চরম ক্ষুব্ধ ছিল। তুচ্ছ কারণেও তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হতো।

রুনার ঠান্ডাজনিত সমস্যায় গত বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে ফরিদপুর হাসপাতালে যান কাকলী। সেদিন দুপুরে ঢাকা থেকে বাড়ি ফেরেন রুবেল। বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে উত্তেজিত হয়ে দ্রুত ছুটে যান হাসপাতালে। সেখানে সবার সামনে কাকলীর সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

পরদিন শুক্রবার কাকলীর মা নাজমা বেগম ও দাদি জহুরা বেগম শিশু রুনাকে দেখার জন্য রুবেলের বাড়িতে যান। ওই সময় রুবেল তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাঁদের সামনে কাকলীকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। রুবেলের সঙ্গে মারধরে যোগ দেন কাকলীর শ্বশুর, শাশুড়ি ও ননদ। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতনিকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন নাজমা বেগম। কিছুদূর যেতেই রুবেল ও তাঁর পরিবারের লোকজন কাকলীর কোল থেকে শিশু রুনাকে কেড়ে নেন। পরদিন শনিবার বেলা ১১টার দিকে কাকলী ও তাঁর পরিবারের কাছে এক গ্রামবাসী মুঠোফোনে জানান, রুনা মারা গেছে।

কাকলী আক্তার বলেন, শনিবার মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শ্বশুরবাড়ি ছুটে যান। সেখানে প্রতিবেশী হায়দার আলীর ঘরের বারান্দায় রুনাকে শুইয়ে রাখা হয়। বিকেলে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে অবহিত করেন তিনি। পুলিশ রাতেই রুবেলদের বাড়ি থেকে শিশু রুনার মৃতদেহ উদ্ধার করে। এ সময় বাড়িতে আর কেউ না থাকায় পুলিশ রুবী বেগমকে আটক করে। পরদিন রোববার কাকলী মামলা করেন।

কয়েক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কীভাবে শিশুটি মারা গেছে তা তাঁরা জানেন না। তবে তাঁদের মতে, এভাবে দুধের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া ঠিক হয়নি। হয়তো শিশুটি মায়ের অভাবেই মারা গেছে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ আল-তায়াবীর জানান, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুহত্যার অভিযোগ জানিয়ে শিশুটির মা বাদী হয়ে গতকাল থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাশুড়ি রুবী বেগমকে গতকাল রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। বাকি সব আসামি পলাতক। তিনি জানান, লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।