কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যায় এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, তা জানতে এলাকাবাসী তাঁর নমুনা পরীক্ষার দাবি জানিয়েছেন। এ জন্য এলাকাবাসী মৃত ব্যক্তির দাফনে বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য। এ প্রতিবেদন লেখার সময় বেলা তিনটা পর্যন্ত গ্রামপুলিশের সদস্যরা লাশ পাহারা দিচ্ছেন।
উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারে ডিমের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ১২ দিন আগে ডিমের দোকানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী তিনি বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) ছিলেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অন্য কোনো লক্ষণ ছিল না। আজ সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় ইউপি সদস্য ওই বাড়িতে যান। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মৃত ব্যক্তির দুই সন্তান। একমাত্র ছেলে দেশের বাইরে রয়েছেন। মেয়ে স্বামীর সঙ্গে ঢাকার সাভারে থাকেন। মৃত ব্যক্তির স্ত্রী ওই বাড়িতে একাই রয়েছেন।
ইউপি সদস্য বলেন, প্রশাসনের লোকজন ও পুলিশ মৃত ব্যক্তিকে দাফন করার কথা বলেন। তবে এলাকাবাসী লাশ দাফন করতে বাধা দিচ্ছেন। তাঁরা বলছেন, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, পুলিশ ও সিভিল সার্জনের প্রতিনিধি মৃত ব্যক্তির বাড়িতে যাচ্ছেন। তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।