কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক নারীর করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক নারীর করোনা শনাক্ত হয়েছে। গত ২০ মে সকালে তাঁকেসহ তিন নারীকে ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার তাঁরা তিনজনই ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন। কোয়ারেন্টিন শেষে আবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এতে একজনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ ওই নারীর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। দেড় মাস আগে তাঁরা যশোর হয়ে ভারতে গিয়েছিলেন।

পুলিশ সূত্র জানায়, ২০ মে সকালে ওই তিন নারীকে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটকের পর ফুলগাজী থানায় হস্তান্তর করে বিজিবি। পুলিশ তাঁদের আদালতে পাঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল তাঁদের জামিন মঞ্জুর করেন এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী ওই তিন নারীকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ২১ মে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে পুলিশি পাহারায় কোয়ারেন্টিনে রাখা হয়। দুই দফায় তাঁদের ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার তাঁদের নমুনা সংগ্রহ করলে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম মোজাম্মেল হক বলেন, ওই তিন নারী এখনো কোয়ারেন্টিনে। তবে একজনের করোনা ফলাফল পজিটিভ। কোয়ারেন্টিন শেষে তাঁরা বাড়ি ফিরে যাবেন।