>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
দিনগুলো কাটিয়ে দিচ্ছি বেশ। বলছি সাম্প্রতিক সময়ের সবচেয়ে অপ্রিয় শব্দ কোয়ারেন্টিনের কথা।
প্রসঙ্গের সংঘত কারণে একটু পেছনে যাওয়া যাক। মার্চের মাঝামাঝি যখন লকডাউন শুরু হয়ে যায়, তখন ও খুব একটা ভাবিনি। প্রতিদিন একটা গৎবাঁধা নিয়ম। সকালে কোচিংয়ে যাও, ক্লাস নাও, সেখান থেকে কলেজে যাও, এরপর আবার টিউশন—অবশেষে রাতে বাসায় ফেরা। কার কাছে ভালো লাগে। ভালোই হয়েছে কয়েকটা দিনের ছুটি পাওয়া গেল। আতঙ্কিত থাকলেও খুশি হয়েছিলাম বেশ। কিন্তু এ আনন্দ যে খুব অল্পতেই বেদনা আর হতাশার কারণ হবে, তা সত্যিই ভাবিনি।
সবকিছু বন্ধ হওয়ার সঙ্গে বাদ যায়নি আমার কর্মসংস্থানও। আমার শিক্ষার্থীদের অভিভাবকেরা আমাকে ছুটি দিলেন। শিক্ষার্থীরা খুশি হলেও আমি খুশি হইনি। ২৫ মার্চ, শেষ সময়ে ছুটি ঘোষণা! পকেট আর ভরা হলো না। চিন্তা করিনি, যা আছে দিব্বি কেটে যাবে কয়টি দিন।
দেখতে দেখতে মাহে রমজানের আগমন ঘটল। হাজারো পরিকল্পনার লেশমাত্র হয়নি। মন খারাপ থাকাটাই স্বাভাবিক। তখন আবার লক্ষ করলাম, এই কোণঠাসা অবস্থায়ও এক দল মহাখুশি। ‘মা’–এর দল। ওনাদের সব সন্তান যে ওনাদের কাছে। মন খারাপকে চাপা দিয়ে মায়ের আনন্দকে দ্বিগুণ করতে নেমে পড়লাম। সাবধানতার জন্য গৃহকর্মীর ছুটি। তাই কিছু কাজ নিজের কাঁধে নিলাম। অফুরন্ত সময়, আবার রমজান মাস, জান্নাত লাভের এর চেয়ে সহজ উপায় জীবনে আসবে কি না জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই তাদের পরিবারের গল্প করে। হাজার অপ্রিয় সংবাদের মধ্যেও যখন প্রকৃতির অপরূপ সাজের কথা শুনি, তখন ভাবি, প্রকৃতি যখন ভারসাম্যহীন হয়ে যায়, তখন নিজের সুরক্ষা নিজেই করে নেয়। হয়তো অকল্পনীয় কিছু স্রষ্টা তাঁর বান্দাদের দেবেন। এই সবকিছু নিয়ে আর ভেবে কাটিয়ে দিচ্ছি দিন। ঈদের সমাপ্তির সঙ্গে অবসাদ মনও এবার ছুটি চায়। বিশ্রামে থাকা শরীরটাও ক্লান্ত হয়ে গেছে। আর মন ভাবাচ্ছে ব্যাপকভাবে। মার্চ, এপ্রিল, মে—তিন মাস। জুনের শুরু হয়ে গেল, কর্মক্ষেত্রের সন্ধানও নেই, বকেয়াও প্রায় অস্তিত্বহারা। বিরক্ত লাগছে খুব। ভাবছি, যাদের জীবিকা এই কেন্দ্রিক, তাদের কথা। আবার ভাবলাম, সবারই তো এই রকম সমস্যা, দুশ্চিন্তা না করি।
যদিও আমার স্বভাবে নিয়মিত খবর শোনার অভ্যাস নেই। তবুও এই কোয়ারেন্টিনে খবর শুনতে শিখিয়েছে। ফেসবুকের নিউজ ফিড...আর ভিন্ন মতের ভিন্ন পোস্ট পড়া হয় ইদানীং। লক্ষ করলাম, জুনিয়র অনেকে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমটা আজ প্রতিবেদনে ভরা। একটা বিষয়কে কেন্দ্র করে হাজার মত। আরও বেশি অবাক হই যখন দেখি সদ্য বুঝতে শেখা কিশোরটা আজ বলছে এ দেশে কিচ্ছু হবে না। আরে, আমরা তো বাঙালি। এই বাঙালি জাতটাই এমন। জুনিয়রদের যখন এমন অভিব্যক্তি, তখন সিনিয়রদের কথা মাথার ভেতর আর প্রবেশ করার সাহস থাকে না। চারদিকে শুধু বিদ্বেষ আর বিদ্বেষ। কিন্তু কার সঙ্গে এ বিদ্বেষ? কে এই বাঙালি? কার দেশ, কারা থাকে এখানে?
আমরাই তো। নিজকে যদি নিজেই অপছন্দ করলাম, সম্মানটা কার কাছ থেকে আশা করি আমরা?
কিন্তু আমি নিজেও একই সুরে সুর মেলাচ্ছি। যখন দেখি এই দুর্যোগপূর্ণ অবস্থাতেও আমারই নেতা আমাদের ক্ষুধার্থ রেখে ব্যবসা করেন। মৃত বাবার লাশ আনতে মা ছুটে গেলে একলা ঘরে একটি বোনকে তারই এলাকার ভাই ধর্ষণ করে। যে জায়গার আইন অন্ধ, স্বাস্থ্য খাত পঙ্গু...। ক্ষুধার্থ জনতা, সদ্য মেতে ওঠা কিশোর তখন ক্ষোভ আর বিদ্বেষ ছাড়া কি প্রকাশ করবে? সে তো আর কিছু দেখেনি, শেখেওনি।
শুধু নির্বাক হয়ে ভাবি, এই কোভিড-১৯ আমাদের জন্য কিসের বার্তা নিয়ে এসেছে? অন্ধকার থেকে উত্তরণের পথ দেখাতে এসেছে, নাকি অন্ধকারে তীব্রতা বোঝাতে এসেছে? এখন ভাবতে ভয় লাগে। অল্প ভাবনায় অনেক গভীরতা, হাজারো প্রশ্নের উৎপত্তি হয়। যার উত্তর অমীমাংসিত।
এখন শুধু একটা রাতের অপেক্ষায়, যে রাতের ঘুম খুব দীর্ঘ হবে না। একটা সূর্যের অপেক্ষায়, যার আলোর সঙ্গে সঙ্গে ভরে যাবে শহরের প্রতিটি রাস্তা ধূলিকনায়। একটি প্রেসব্রিফিং, যার জন্য লাখো জনতা উদ্বিগ্ন। একটি সংবাদের অপেক্ষায়, যা হবে একটি স্বস্তির নিশ্বাস। একটি সন্ধ্যার অপেক্ষায়, যেখানে সবাই ঘাম ঝরানো শরীর নিয়ে বাড়িতে ফিরবে। একটা পৃথিবী, যা তার অভিমান ছেড়ে আমাদের আপন করবে, ভালোবাসবে।
*শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ