চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সিলেট নগরীতে দোকানের শাটার অর্ধেক খোলা রেখে কৌশলে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। বিধিনিষেধ কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসনের অভিযান দেখলেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ছেন তাঁরা। এভাবেই নগরীর বিভিন্ন এলাকায় প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের দিনভর লুকোচুরি খেলা দেখা গেছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি জিন্দাবাজার, আম্বরখানা এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান কৌশলে অর্ধেক খোলা রেখেছেন ব্যবসায়ীরা। কোথাও কোথাও দোকানের পাশেই ব্যবসায়ীরা দাঁড়িয়ে ছিলেন। দোকানের পাশ দিয়ে কেউ গেলেই তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে, কিছু লাগবে কি না।
নগরের বন্দরবাজার হাসান মার্কেট এলাকায় একটি জুতার দোকান অর্ধেক খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে। এ সময় ওই দোকানের ভেতরে তিনজন গ্রাহক জুতা পছন্দ করছিলেন। ওই ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর আগেও দফায় দফায় বিধিনিষেধের কারণে জমানো টাকা শেষ পর্যায়ে। বাধ্য হয়েই এমন পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে হচ্ছে। এর আগে বিধিনিষেধের মধ্যে দোকান খোলা রাখায় দুই হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে বলে জানান তিনি।
নগরের মহাজনপট্টি এলাকার হার্ডওয়্যার দোকানি হাসান আহমদ বলেন, দোকানে প্রতিদিনই কাস্টমার আসেন। দোকান বন্ধ রাখলেও অনেকে ফোন দিয়ে দোকানে আসতে বলেন। এ জন্য আজও আসতে হয়েছে।
ওই দোকানে আসা ক্রেতা সাঈদ আহমদ বলেন, ‘ফেঞ্চুগঞ্জ থেকে দরজা-জানালার কিছু মালামাল কিনতে এসেছি। মোটরসাইকেলে আসার পথে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। কঠোর বিধিনিষেধের মধ্যে এসব পণ্য পাব কি না, সেটি নিয়ে সন্দেহ ছিল। তবে মহাজনপট্টিতে এসে তো দেখছি, প্রায় সব কটি দোকানই খোলা।’
আমরা আমাদের অভিযান চালাচ্ছি। এতে কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।শামমা লাবিবা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম)
এদিকে নগরের মূল সড়কের পাশের নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজার সরকারনির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকলেও পাড়া–মহল্লার ভেতরের দোকানগুলো সারা দিনই খোলা রাখতে দেখা গেছে। তবে নগরের সব কটি শপিং মল বন্ধ আছে। যদিও আম্বরখানা ও জিন্দাবাজার এলাকার দু–একটি কাপড়ের দোকানের শাটার অর্ধেক খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) শামমা লাবিবা বলেন, সিলেট জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যামাণ আদালত পরিচালিত হচ্ছে। এর মধ্যে মহানগরে চারজন ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও বিধিনিষেধ নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। অর্ধেক দোকান খোলা রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের অভিযান চালাচ্ছি। এতে কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’