কৌশলে মোটরসাইকেলে করে হেরোইন পাচার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

রংপুর নগরে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার দুপুরে নগরের শাপলা চত্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) ও চাঁপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)। আজ রোববার সকালে র‌্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে রংপুর নগরের শাপলা চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তখন মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছে।