ক্যাকটাস যখন বাড়ির সীমানাপ্রাচীর
বাঁশ-কাঠ কিংবা ইট-সুরকির নয়, সবুজ ক্যাকটাস দিয়ে তৈরি করা হয়েছে সীমানাপ্রাচীর। শুনতে অবাক লাগলেও খাগড়াছড়ির মহালছড়ি ও পানছড়িতে দেখা গেছে এমন প্রাকৃতিক দেয়াল।
মহালছড়ি সিঙ্গিনালা কাপ্তাইপাড়া এলাকার বাবুরাম মারমার বাড়ি। তাঁর বাড়ির সীমানাপ্রাচীর ক্যাকটাস দিয়ে ঘেরা। বাবুরাম মারমার ক্যাকটাস দিয়ে সীমানা দেওয়া বাড়ি দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। দেখতে গিয়ে তোলেন ছবি।
মহালছড়ি বাজার থেকে তিন কিলোমিটার দূরে সিঙ্গিনালা কাপ্তাইপাড়া। সিঙ্গিনালা বাজারে যাওয়ার পিচঢালা সড়কের পাশেই বাবুরাম মারমার বাড়ি। বাড়ির চারপাশে চার থেকে ছয় ফুট পর্যন্ত ক্যাকটাস দিয়ে ঘেরা। বাড়ির পাশে সড়কেই কথা হয় বাবুরাম মারমার সঙ্গে।
তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ফুলগাছ ও ক্যাকটাসের প্রতি অন্য রকম টান ছিল। বিভিন্ন বই ও পেপারে ক্যাকটাসের ছবি দেখে মুগ্ধ হতাম। ২০০২ সালে বাড়ি করার পর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পাহাড়ে যে ক্যাকটাস পাওয়া যায়, তা নিয়ে এসে বাড়ির চারপাশে লাগিয়েছি। ২০ বছরে ক্যাকটাস কখনো ছাঁটিনি। গাছগুলো বড় হওয়ার কারণে সীমানাপ্রাচীরে রূপ নিয়েছে। তিন-চার বছর ধরে অনেকে আসেন আমার সীমানাপ্রাচীর দেখার জন্য। ছবিও তোলেন, ভালোই লাগে।’
বাবুরাম মারমার ক্যাকটাসঘেরা বাড়ি দেখতে আসা মনতোষ ত্রিপুরা ও মোহাম্মদ স্বাধীন বলেন, মহালছড়িতে বেড়াতে এসে তাঁরা ক্যাকটাসের দেয়ালঘেরা বাড়ির কথা শুনে দেখতে এসেছেন। তাঁরা এই ক্যাকটাসের দেয়াল দেখে অভিভূত।
শুধু বাড়ির সীমানাপ্রাচীর হিসেবে নয় বর্তমানে অনেকে ফলদ বাগানে ক্যাকটাস লাগাচ্ছেন সীমানাপ্রাচীর হিসেবে। পানছড়ির ভাইবোনছড়া এলাকার পরিমল চাকমা ও অনন্ত খীসা বলেন, একসময় আমের সময়ে প্রতিবছর বাঁশের সীমানা দেওয়া লাগত। ক্যাকটাস লাগানোর তিন বছর পর থেকে আর সীমানা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ক্যাকটাসে কাঁটা থাকায় কেউ বাগানে ঢুকতে সাহস পায় না। এতে যেমন বাগান রক্ষা হচ্ছে, তেমনি বাগানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, ক্যাকটাসগাছ দিয়ে সীমানাপ্রাচীর দেওয়া ভালো উদ্যোগ। ক্যাকটাসের তেমন কোনো রোগবালাই নেই। খরচ কম, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বসবাসে অন্য রকম আনন্দ আছে।