ক্যানসারে আক্রান্ত জেনেই জীবনসঙ্গী হিসেবে তাঁকে বেছে নিয়েছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল সাহরাজ ও জবা আখতার দম্পতি
ছবি: সংগৃহীত

বিয়ে অনেকেই করেন। তবে অন্য রকম এক বিয়ে করলেন হবিগঞ্জের ইসমাইল সাহারাজ (২৫) ও জবা আখতার (২২)। জবা চার বছর ধরে বোনম্যারো ক্যানসারে আক্রান্ত। সবকিছু জেনেশুনেই জীবনসঙ্গী হিসেবে তাঁকে বেছে নিয়েছেন ইসমাইল। তাঁকে এখন মানবতার উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

গত রোববার বিয়ে করেন এ তরুণ-তরুণী। বিয়ের পর মানসিকভাবে অনেকটা চাঙা হয়ে উঠেছেন জবা। তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এখন অন্য রকম জীবন যাপন করছি। চার-পাঁচ দিন আগেও জানতাম না আমার জীবনে এতটা পরিবর্তন আসবে। এ মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি মানসিকভাবে অনেক ভালো আছি।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের সৌদিপ্রবাসী আমির আলীর মেয়ে জবা একটি বেসরকারি কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন। তাঁরা দুই বোন, এক ভাই। জবা সবার বড়। চার বছর আগে ডাক্তারি পরীক্ষায় জবার বোনম্যারো ক্যানসারের বিষয়টি নিশ্চিত হয় তাঁর পরিবার। বর্তমানে সিলেটের এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জবার পরিবারের পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন এগিয়ে আসেন প্রতিবেশী ও স্বজনেরা। সবার সহযোগিতায় এ চিকিৎসা কিছুদিন এগিয়ে গেলেও আবার আর্থিক সংকট দেখা দেয় জবার। কোনো উপায় দেখছিলেন না। ঠিক তখন আলো হয়ে পাশে এসে দাঁড়ালেন একই উপজেলার পারকুল গ্রামের ইসমাইল সাহারাজ (২৫)। দুজনের মধ্যে আগে থেকে জানাশোনা থাকলেও কখনো ভাবেননি এভাবে দুজন দুজনার হয়ে জীবন শুরু করবেন নতুন পরিচয়ে।

ইসমাইল ওমানপ্রবাসী। মাসখানেক আগে বাড়িতে আসেন বেড়াতে। এ সময় তাঁর নজরে আসে জবা আখতারের বিষয়টি। তখনই সিদ্ধান্ত নেন জবাকে বিয়ে করার। গত রোববার দুই পরিবারের সম্মতিতে ঘরোয়াভাবে এই বিয়ে হয়। তাঁদের বিয়ের আয়োজনের ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এ দম্পতির সাফল্য কামনা করেছেন সবাই।

বিয়ের পর ইসমাইল ঘোষণা দিয়েছেন, জবার সব চিকিৎসা চালিয়ে যাবেন তিনি। জবাও ইসমাইলের সঙ্গে জড়িয়ে মরণব্যাধির সঙ্গে লড়াই করার শক্তি পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে কথা হয় ইসমাইলের। তাঁর কাছে জানতে চাওয়া হয় এই সাহসী সিদ্ধান্তের বিষয়ে। ইসমাইল বলেন, ‘মানুষ মানুষের জন্য। প্রত্যেক মানুষের বেঁচে থাকার সময়সীমা সৃষ্টিকর্তা নির্ধারিত। আমার মনে হয়েছে জবা ও আমি এ পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি। তাই যতটুকু সময় বেঁচে থাকব, দুজনই যেন সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি।’

এ বিয়ে পারিবারের সবাই মেনে নিয়েছেন কি না, জানতে চাইলে ইসমাইল বলেন, ‘আমি আমার পরিবারের সম্মতি নিয়েই এ বিয়ে করেছি। জবাকে পেয়ে সবাই খুশি। আমরা আমাদের জীবন সুন্দরভাবে কাটাতে সমাজের সবার সহযোগিতা চাই।’