
ক্লাস-টিউটোরিয়াল আর পরীক্ষার ছকে বাঁধা জীবনের বাইরে অন্য রকম এক প্রতিযোগিতায় মেতে উঠেছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতের ক্যাম্পাস তারকার খোঁজে চলছে এই আয়োজন। ১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘সাদার্ন ট্যালেন্ট পুরস্কার’।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অডিশন রাউন্ড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান আলী আশরাফ। বিচারক ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সংগীতজ্ঞ স্বর্ণময় চক্রবর্তী, নাট্যজন সাবিনা সুলতানা ও আবৃত্তিশিল্পী প্রবীর পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান সৌরভ শাখাওয়াত। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে পারদর্শী হতে হবে। নিজেদের প্রতিভা তুলে ধরতে হবে প্রতিযোগিতার মঞ্চে।’
প্রতিযোগিতায় অডিশন রাউন্ডে ছয়টি বিভাগ— সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, শিক্ষা ও বিতর্কে ২৬০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ৫২ জন প্রতিযোগী ইয়েস কার্ড পান।