ক্রেতা সেজে দোকানে ঢুকে ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা
ক্রেতা সেজে স্যানিটারি পণ্যের দোকানে ঢোকেন এক ব্যক্তি। এরপর দোকানের ব্যবস্থাপককে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকা নিয়ে সটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই দোকানের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৫৫)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার এলাহী বকস মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ি এলাকায় ইমরান এন্টারপ্রাইজ নামের একটি স্যানিটারি পণ্যের দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। আবদুল মোতালিব মোল্লা নামের স্থানীয় এক ব্যক্তি ওই দোকানের মালিক।
পুলিশ জানায়, ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল রাত সোয়া নয়টার দিকে দোকান বন্ধ করার আগে জয়নাল আবেদীন শেষ মুহূর্তের হিসাব-নিকাশ করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে দোকানে ঢুকে জয়নাল আবেদীনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি দ্রুত দোকানের ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা নিয়ে চলে যান। এরপর রক্তাক্ত অবস্থায় জয়নাল আবেদীন বাইরে বেরিয়ে আসেন।
পরে জয়নালের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ওই দোকানে একটি সিসিটিভি ক্যামেরা আছে। সেখান থেকে এক পাশের কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।