
বিশ্বব্যাংকের প্রধান ফটকের পাশেই তাঁরা অপেক্ষা করছেন। যে সম্ভ্রম-জাগানিয়া অবয়ব, তাতে তুই-তোকারি তো করা চলেই না, ‘তুমি’ বলা যায় কি না সেটিও বিবেচনার বিষয়। কালো, তেল চকচকে গায়ের রং। মাথায় বিশাল বাঁকানো শিং। রীতিমতো ভীতি-জাগানিয়া। কাজেই আপনি বলাই ভালো। তো তাঁরা প্রখর গরমের দুপুরে গাছের ছায়ায় ফুটপাতে গা এলিয়ে জাবর কাটছিলেন। সংখ্যা আট। জামালপুর থেকে হাতির মতো প্রকাণ্ডদেহী এই মহিষগুলোকে এনে তোলা হয়েছে ঢাকার কোরবানির হাটে।
পবিত্র ঈদুল আজহা সমাগত। রাজধানী ঢাকা শহর এখন মোটামুটি পশুর হাটে পরিণত। গাবতলীর স্থায়ী হাটটি তো আছেই, এ ছাড়া মহানগর উত্তর ও দক্ষিণ মিলিয়ে এবার আরও ১৮টি অস্থায়ী পশুর হাট বসেছে। নিয়ম অনুসারে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত চার দিন কোরবানির পশুর হাট চলার কথা। তবে গতকাল বুধবার মাসের পয়লা দিন থেকেই গরু, মহিষ, ছাগল, ভেড়ায় ভরে গেছে হাটগুলো। আগারগাঁওয়ের হাটটি বসেছে সমবায় অধিদপ্তরের সামনে থেকে। চলে এসেছে প্রায় পাসপোর্ট অফিস পর্যন্ত। সড়কের দুই পাশে ফাঁকা জায়গায় ছাউনি ফেলে প্রথম চালান আসা পশুর ঠাঁই করে দেওয়া হলেও পরেরবার ট্রাকবোঝাই যেসব পশু আসছে, তাদের ঠাঁই হচ্ছে ফুটপাতে। অচিরেই পুরো সড়কটির উভয় ধারের ফুটপাতই চলে যাবে গবাদিকুলের খুরের তলায়। লোকজনের চলাচলের আর উপায় থাকবে না।
এখানে মহিষগুলো এনেছেন জামালপুরের ইমান আলী, নজরুল ইসলাম, চান মিয়া গং। তাঁরা মোট আটটি মহিষ ও এক ডজন গরু বিক্রির মানসে আগের রাতে তিন ট্রাক বোঝাই দিয়ে সকালে ঢাকায় এসে নেমেছেন। গাবতলী এর মধ্যেই ভরে গেছে। তাই আগারগাঁওয়ে নিয়ে এসেছেন পশুগুলো। গরুগুলো ছাউনির তলায় রাখা গেছে, তবে মহিষের কপাল মন্দ। মাথার ওপর ছাউনি জোটেনি। ঈদের বাজারে মহিষের চাহিদা তুলনামূলক কম থাকে। উপরন্তু কালাপাহাড়ের মতো চেহারার এতগুলো মহিষের জন্য যে জায়গা দরকার, সেখানে অনায়াসে মাঝারি আকারের ডজন দুয়েক গরুর স্থান হয়ে যায়। সে কারণে ফুটপাতেই রাখতে হয়েছে মহিষগুলোকে। ইমান আলী প্রতিটির দাম হাঁকছেন দেড় লাখ টাকা। গরুগুলো মাঝারি আকারের। দাম হাঁকা হচ্ছে ৬০ হাজার। হাট সবে শুরু হচ্ছে। ক্রেতার উপস্থিতি কম।
গাবতলীতেও দেখা গেল মোটামুটি একই চিত্র। ট্রাকবোঝাই পশু আসছে। হাটের পূর্ব দিকে টিনের ছাউনির নিচে আবার শামিয়ানা টানিয়ে আলাদা ব্যবস্থা করা। সেখানে স্থান পেয়েছে হাটের খান্দানি পশুগুলো। যেমন তাদের চেহারার গড়ন, তেমনি তাদের দাম। হাঁকাই হচ্ছে নিম্নে পাঁচ লাখ থেকে। কুষ্টিয়ার হালশা থেকে দুধসাদা রঙের এক জোড়া সম্বরপুরী ষাঁড় এনেছেন আমজাদ হোসেন। দাম চাইছেন জোড়া ১৫ লাখ টাকা। ভারতীয় সম্বরপুরী জাতের এই ষাঁড় জোড়া বাড়িতে আট মাস লালন-পালন করে বিক্রি করতে এনেছেন ঢাকায়। কুষ্টিয়ার উদিবাড়ি গ্রামের মনোয়ার হোসেন এনেছেন সাদাকালো ছোপওয়ালা একটি ফ্রিজিয়ানা জাতের ষাঁড়। দাম হাঁকছেন নয় লাখ। চার বছর বয়সী এই ষাঁড়টির দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত উঠেছে বলে জানালেন।
রাজশাহীর ব্যাপারী লোকমান আলী বললেন, ‘লোকজন শুধু দেখছে, গরু লিছে না কো।’ তিনি মাঝারি আকারের ছয়টি গরু এনেছেন। ব্যাপারীরা জানালেন, গত বছর গরুর দাম খুবই কমে গিয়েছিল। অনেকে কেনা দামের অর্ধেক দামে বিক্রি করেছেন। এবার গরুর আমদানি এখন পর্যন্ত কম। দামও তুলনামূলক বেশি। তবে হাট পুরোপুরি শুরু হলে গরুর আমদানি বাড়বে। কাফরুলের ইব্রাহীমপুর এলাকার মুদিদোকানের ব্যবসায়ী জামাল হোসেন, মিরপুরের ওমর শরীফসহ অনেকে এসেছিলেন কোরবানির গরু কিনতে। তাঁরাও জানালেন এবার মাঝারি আকারের গরুর দাম গত বছরের চেয়ে অনেক বেশি। তবে তাঁরা আরও বললেন, আমদানি কম বলা ব্যবসায়ীদের একটি কৌশল। এসব বলে তাঁরা দাম বাড়াতে চান। গরুর প্রকৃত দাম বোঝা যাবে আরও এক দিন পর।
গতকাল ট্রাকবোঝাই গরু আসার দৃশ্যই বেশি চোখে পড়ছে হাটগুলোতে। আজ-কালের মধ্যে গরুর রশি ধরে বাড়ির পথে হাঁটতে থাকা ক্রেতাদেরও চোখে পড়বে প্রচুর। রাজধানীর পাড়া-মহল্লায় শোনা যাবে গবাদিপশুর হাঁক-ডাক।