ক্রেতার উৎসাহে শিকারি পাখি ধরেন, দুই পক্ষেরই সচেতনতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এহসান আলী বিশ্বাস

এহসান আলী বিশ্বাসের বাড়ি পাবনা জেলা শহরে। পড়াশোনা করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। পেশায় ব্যবসায়ী। শখ ছবি তোলা। পাখির ছবি তুলতে ভালো লাগে। ছবি তুলতে গিয়েই মনে হয়েছে পাখি না থাকলে ছবি কীভাবে হবে। এর পর থেকে পাখি শিকার রোধে কাজ শুরু করেছেন। তৈরি করেছেন বন্য প্রাণিবিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি নামের একটি সংগঠন। তিনি সংগঠনটির সভাপতি। সাম্প্রতিক সময়ের পাখি শিকার বিষয়ে প্রথম আলো কথা বলে তাঁর সঙ্গে।

প্রশ্ন:

শীত আসছে। পাখি শিকার বাড়ছে। এটা কেন?

এহসান আলী বিশ্বাস: এই সময়টাতে দেশের খাল-বিলে পানি কম থাকে। প্রকৃতিতে পাখির উপযোগী প্রচুর খাদ্য থাকে। ফলে দেশি প্রজাতির পাখির পাশাপাশি প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। আর এই সুযোগ কাজে লাগিয়ে পেশাদার ও শৌখিন শিকারিরা পাখি শিকার করেন।

প্রশ্ন:

কোন কোন এলাকায় বেশি পাখি শিকার হয়?

এহসান আলী বিশ্বাস: পাবনা জেলা নদী ও বিলবেষ্টিত। জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় চলনবিল বিস্তৃত। অন্যদিকে সুজানগর উপজেলায় গাজনার বিল ও সাঁথিয়ায় ঘুঘুদহ বিল নামে বিশাল কয়েকটি বিল আছে। এ ছাড়া জেলা সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। বর্ষার পানি নেমে গেছে। নদী ও বিলগুলোর অল্প পানিতে মাছেদের আনাগোনা বেড়েছে। বিভিন্ন রবিশস্য আবাদ হচ্ছে। ফলে খাবারের খোঁজে পাখিরা বিল ও নদীতে বেশি বিচরণ করছে। ফলে এসব এলাকাতে শিকারিদের আনাগোনা বেড়েছে। বিষটোপ, জাল, বড়শি ও বিভিন্ন ধরনের ফাঁদ দিয়ে শিকারিরা পাখি শিকার করে বিভিন্ন হাটবাজারে চড়া দামে বিক্রি করছে।

প্রশ্ন:

পাখির ক্রেতা কারা?

এহসান আলী বিশ্বাস: সমাজের উচ্চ শ্রেণি থেকে নিম্ন শ্রেণিতে পাখির বিভিন্ন ধরনের ক্রেতা আছে। শখের বসেই তাঁরা পাখি খেতে চান। ক্রেতার উৎসাহে শিকারি পাখি ধরেন। ফলে শিকারিদের পাশাপাশি ক্রেতাদেরও এ বিষয়ে সচেতনতা প্রয়োজন।

প্রশ্ন:

পাখি শিকার বন্ধে কী করণীয়?

এহসান আলী বিশ্বাস: পাখি শিকার বন্ধে দেশে কঠোর আইন আছে। কিন্তু এই আইনের প্রয়োগ নেই। ফলে শিকার বন্ধ হচ্ছে না। আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা বাড়ানো গেলে পাখি শিকার বন্ধ হবে বলে আমরা মনে করি।

প্রশ্ন:

আইনের প্রয়োগ কীভাবে সম্ভব?

এহসান আলী বিশ্বাস: মানুষ আইন জানলেই সেটা মানার চেষ্টা করে। ফলে যেসব এলাকায় পাখিদের বিচরণ বেশি, সেসব এলাকার মানুষকে পাখিনিধন আইন বিষয়ে বেশি সচেতন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ; সবাইকে পাখির উপকারিতা, প্রয়োজন ও পাখি শিকার রোধ আইন বিষয়ে জানাতে হবে। তবেই পাখিনিধন বন্ধ হবে।

প্রশ্ন:

পাখিনিধনের শাস্তি কী?

এহসান আলী বিশ্বাস: ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বলা হয়েছে, পাখিনিধনের সর্বোচ্চ শাস্তি এক লাখ টাকা জরিমানা, এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড। একই অপরাধ পুনরায় করলে দুই লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড।