ক্লাস নিচ্ছেন 'প্যারা শিক্ষক' ও নৈশপ্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা খেয়াঘাট থেকে নৌকায় যমুনা নদী পার হয়ে প্রায় দেড় কিলোমিটার হাঁটা পথ। এরপরই দেখা গেল দোতলা ভবনে চরমাঝবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত সোমবার সেখানে দেখা গেল, কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় খেলছে, কিছু শিক্ষার্থী একটি শ্রেণিকক্ষে বসে আছে, কিন্তু কোনো শিক্ষক নেই। এ সময় এক নারী এগিয়ে এসে জানালেন, তিনি এই বিদ্যালয়ের শিক্ষক। নাম মুক্তা আক্তার। কবে থেকে শিক্ষকতা করছেন? বললেন, তিনি সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক নন, ‘প্যারা শিক্ষক’।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রধান শিক্ষক আসাদুল হকের সঙ্গে কথা হয়। বললেন, মুক্তা আক্তারকে ‘প্যারা শিক্ষক’ নিয়োগ দিয়েছেন।
মুক্তা সম্প্রতি পাশের বোহাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেছেন। আর পড়া হয়নি, চার মাস আগে তাঁর বিয়ে হয়েছে। এখন তাঁর বয়স ১৬। তাঁকে স্কুল থেকে মাসে দেড় হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া গত রোববার থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি মাসুদুর রহমানকে দিয়েও ‘প্রক্সি’ দেওয়াচ্ছেন।
কারণ জানতে চাইলে আসাদুল হক বলেন, এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১৭ জন। শিক্ষকের চারটি পদ। কিন্তু কর্মরত আছেন তিনজন। এর মধ্যে আলেফা আক্তার দেড় বছর মেয়াদি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে (পিটিআই) আছেন। বগুড়া থেকে যাতায়াত করেন নজরুল ইসলাম। তিনিও স্বল্পমেয়াদি একটি প্রশিক্ষণে আছেন। তাই ‘প্যারা শিক্ষক’ ও নৈশপ্রহরী দিয়েই কাজ চালাতে হচ্ছে। অসহায় এই শিক্ষক বলেন, ‘আমি একা আর কী করতে পারি?’
বিদ্যালয়টির তৃতীয় শ্রেণিতে পড়ে দুখুনী। কাছে গিয়ে তৃতীয় শ্রেণির বানান জানতে চাইলে সে বলতে পারল না, কেবল মুখের দিকে তাকিয়ে থাকল।
বগুড়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে সারিয়াকান্দি উপজেলার বোহাইল চর। যমুনা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরের লোকালয় নিয়ে গঠিত বোহাইল ইউনিয়নে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশই দূর-দূরান্তের, বিশেষ করে যমুনা নদীর পশ্চিম পারের। তাঁদের অনেকেই ঠিকমতো ক্লাসে যান না। তাই শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও ভালোভাবে শিখছে না। ইউনিয়নজুড়ে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর মতো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই নেই।
দুই বছর আগে প্রতিষ্ঠিত ইউনিয়নের একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয় বোয়াইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চিত্রও করুণ। বারান্দা বা খোলা মাঠেও শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। গত বছর এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া চার ছাত্রীর বছর না ঘুরতেই বিয়ে হয়ে যায়।
চরে কোনো যানবাহন দেখা গেল না। মাইল খানেক পথ হেঁটে কেষ্টিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একজন শিক্ষকের দেখা মিলল। নাম খোরশেদ আলম। জানালেন, মোট দুজন শিক্ষক থাকলেও আরেকজন গত জানুয়ারি থেকে পিটিআইয়ে গেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে জানানো হয়েছে, একজন পুলভুক্ত (ছয় মাসের জন্য অস্থায়ী) শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুর্গম চরে স্কুল হওয়ায় যোগদান করছেন না তিনি। এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৯৩ জন।
এত শিক্ষার্থীকে একা কীভাবে পড়ান, জানতে চাইলে খোরশেদ আলম বলেন, ‘হয়তো কোনো ক্লাসে গিয়ে পড়া দিয়ে আবার আরেক ক্লাসে যাই। এখন বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরিকে দিয়েও ক্লাস নেওয়াচ্ছি।’
পার্শ্ববর্তী চর আগবোহাইল স্কুলের চারজন শিক্ষকের মধ্যে সবাই নদীর এপার থেকে যান। একজন নারী শিক্ষক বলেন, বর্ষাকালে যখন ঢেউ থাকে, তখন নদী পার হতে খুব ভয় লাগে।
ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমবেশি একই চিত্র। বোহাইল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় দেখি শিক্ষকেরা বিদ্যালয়ে ঠিকমতো পৌঁছাতে পারেন না। আবার খেয়া ছাড়ার তাড়া থাকায় দুপুরের পরপর অনেকে বিদ্যালয় থেকে চলে যান।’
শুধু এই চর নয়, যমুনা নদীঘেঁষা চন্দনবাইশা, কামালপুর, নান্দিয়াচর, চর চালুয়াবাড়ি, ধুনট উপজেলার বৈশাখীর চর এবং সোনাতলা উপজেলার যমুনা তীরবর্তী ও অন্য চরের শিক্ষার চিত্রও প্রায় একই ধরনের। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার চর ও নদীঘেঁষা ৪০টি বিদ্যালয়ে ৮ হাজার ৮৭২ জন শিক্ষার্থী পড়ছে। আর সোনাতলা উপজেলার এ রকম ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৩০৭ জন এবং ধুনটের বৈশাখীর চরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, এসব বিদ্যালয়ে মূল সমস্যা হলো শিক্ষকের সংকট। অধিকাংশ শিক্ষক চরের না হওয়ায় সমস্যা আরও বেশি হচ্ছে। এ জন্য শিক্ষকের যোগ্যতা কিছুটা শিথিল করে হলেও চরের প্রার্থীদের ওই এলাকার বিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করতে হবে। না হলে এ সমস্যা কাটবে না।