ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাসেবীর দেওয়া রক্ত বিক্রির অভিযোগে বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে নিউ পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবীর দেওয়া রক্ত রোগীর কাছে ছয় হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে হাসপাতালের সামনে স্থানীয় বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা বিক্ষোভ করছেন।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ওই হাসপাতালের সামনে শতাধিক লোকজন রক্ত বিক্রির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা এ ঘটনার বিচার দাবি করে হাসপাতালের সামনের সড়কে মিছিল করেন। তবে রক্ত বিক্রির অভিযোগ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার ওই হাসপাতালে পিয়া নামের এক নারীর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এ জন্য ওই নারীর বি নেগেটিভ রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে ওই নারীর স্বামী রক্তের ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক ব্যাগ রক্তের জন্য প্রথমে সাত হাজার টাকা দাবি করে। পরে ওই রক্ত ছয় হাজার টাকায় বিক্রি করতে রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত বিপ্লব চন্দ্র সরকার নামের এক স্বেচ্ছাসেবী বিনা মূল্যে ওই রক্তদান করেছিলেন।
বিপ্লব প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ওই হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন তাঁকে ফোন করে জানান, একজন দরিদ্র রোগীর জন্য এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। পরে বেলা সোয়া তিনটার দিকে তিনি ওই হাসপাতালে গিয়ে রক্ত দান করেন। এর বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি।
বিপ্লব আরও বলেন, ‘রক্ত বিক্রির বিষয়টি শুনে দুঃখ পেয়েছি। মানবতার সেবায় বিনা মূল্যে দেওয়া রক্ত এভাবে বিক্রি হওয়া খুবই দুঃখজনক।’
রক্ত বিক্রির বিষয়ে ওই নারীর স্বামীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রক্তদাতা সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। রক্তদাতা সংগঠন সিএইচবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ প্রধান প্রথম আলোকে বলেন, গাজীপুর ও আশপাশের ৩০টি রক্তদাতা সংগঠনের লোকজন এ ঘটনার প্রতিবাদ করতে হাসপাতালের সামনে এসেছেন। স্বেচ্ছায় রক্তদাতারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
অভিযোগের বিষয়ে নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন মো. শাহাবুদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রক্ত বিক্রি করা হয়নি। সিজারিয়ান অস্ত্রোপচারের খরচ বাবদ ছয় হাজার টাকা জমা নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ সঠিক নয়।