ক্ষতবিক্ষত করতোয়া

বগুড়ায় দখলমুক্ত হয়নি করতোয়া নদী। দখলদারের তালিকায় থাকা ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি প্রশাসন। নোটিশ পাঠানো ও মামলা করার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তৎপরতা। এ অবস্থায় প্রশাসনের তৈরি করা এই তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় পরিবেশবিদেরা।
বগুড়া শহর থেকে বেজোড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে দখলদার এই ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
অবৈধ দখলদারের তালিকায় শীর্ষে আছে বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) এবং তাদের অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল বিপণিকেন্দ্র (বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড)। এ দুটি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়ে ২০১৩ সালের জানুয়ারিতে বগুড়ার জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। চিঠি পাঠানোর আড়াই বছর পার হলেও এখনো অবৈধ দখলদারদের তালিকা পায়নি পরিবেশ অধিদপ্তর।
এদিকে করতোয়া দখলমুক্ত করতে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর গতিপথে অবৈধ জলকপাট (স্লুইসগেট) অপসারণে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী কমিশনসহ ১৯ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।
টিএমএসএসসহ ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ড বিল্ডিং অর্ডিনেন্স ২৪/১৯৭০(৫) ধারায় নদী দখলের দায়ে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ মামলাটি করা হয় গত ডিসেম্বরে। গত ছয় মাসে নোটিশ পাঠানো ছাড়া কার্যত কোনো অগ্রগতি হয়নি।
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদার চিহ্নিত করে নকশাসহ প্রতিবেদন পাঠানো এবং দখলদার উচ্ছেদে বগুড়ার জেলা প্রশাসনের কাছে ২০১৩ সালের ৬ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়। কিন্তু সে তালিকা এখনো পাওয়া যায়নি। অগ্রগতি জানতে চেয়ে জেলা প্রশাসনে আরেকটি চিঠি দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ওই চিঠি পাওয়ার পর করতোয়ার অবৈধ দখলদার চিহ্নিত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। সার্ভেয়ার দিয়ে মাপজোক করে নদী দখলদারদের তালিকা প্রণয়ন করতে ইউএনও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন। পরে টিএমএসএসসহ সব দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্ছেদ মামলা করার জন্য গত বছর ২ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) অনুরোধ করে পাঠান ইউএনও। ওই বছরের ২০ অক্টোবর জেলা ভূসম্পত্তি জবরদখল-সংক্রান্ত সভায় নথি উপস্থাপনের পর করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। দীর্ঘ দুই মাস পর ২২ ডিসেম্বর ২৮ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ মামলা এবং গত ১২ জানুয়ারি উচ্ছেদ নোটিশ পাঠানো হয়।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌলা খান প্রথম আলোকে বলেন, করতোয়া নদীর দখলদারদের বিরুদ্ধে দায়ের হওয়া উচ্ছেদ মামলা হওয়ার পর শুনানির জন্য সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজনের শুনানি করা হয়েছে। কেউ কেউ আবার মাপজোকের আবেদন করেছেন। কেউ নদী দখলের অভিযোগ অস্বীকারও করেছেন। সবকিছু যাচাই-বাছাই করে দখলদার প্রমাণিত হলে অবশ্যই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
বগুড়া সদর উপজেলার সাবেক ইউএনও আবদুর রহিম বলেন, মাপজোক করে টিএমএসএসের প্রধান কার্যালয়ে ১৮ শতকের মতো এবং শহরের নওয়াববাড়ি সড়কের বিসিএল বিপণিকেন্দ্রের পাশে সাড়ে তিন শতকের মতো করতোয়া নদী দখলের প্রমাণ মিলেছে।
তালিকা অসম্পূর্ণ: এদিকে প্রশাসনের তৈরি করা দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকাটি অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা কমিটির সভাপতি সামির হোসেন বলেন, তালিকাটি রীতিমতো বিস্ময়কর। অন্য প্রভাবশালী দখলদারদের আড়াল করতে এটি করা হয়েছে। অভিযোগ সম্পর্কে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, দখলদার চিহ্নিত করতে কোনো অনিয়ম করা হলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ মামলার নথিতে বলা হয়, শহরের সূত্রাপুর মৌজার ১৭১৬ দাগে করতোয়া নদীর পূর্ব পাশে বেশ কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছে বিসিএল বিপণিকেন্দ্র। উচ্ছেদ নোটিশের জবাবে বিসিএল বিপণিকেন্দ্রের পক্ষ থেকে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, করতোয়া নদীপাড়ের সামান্য কিছু জায়গায় টিন ও খুঁটি দিয়ে স্থাপনা তুলে এত দিন ব্যবহার করা হচ্ছিল। উচ্ছেদ নোটিশ পাওয়ার পর সেই স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে।
তবে ৩ জুন ওই স্থানে গিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার প্রমাণ পাননি প্রথম আলোর এই প্রতিবেদক। এ ছাড়া অস্থায়ী স্থাপনার কথা বলা হলেও স্থানীয়দের ভাষ্যমতে, নদীর বেশ কিছু অংশ দখল করে পাকা ইমারত গড়ে তুলেছে বিসিএল।
মুঠোফোনে যোগাযোগ করা হলে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বুধবার প্রথম আলোকে বলেন, বিসিএল মার্কেটসংলগ্ন ওই স্থানে করতোয়ার জায়গায় কোনো স্থায়ী বা পাকা ইমারত নির্মাণ করা হয়নি। নদীরপাড়-সংলগ্ন অব্যবহৃত কিছু জায়গায় এখনো খুঁটি ও টিন দিয়ে নির্মিত অস্থায়ী স্থাপনা রয়েছে। তবে সরকার চাইলে যেকোনো সময় স্থাপনাটি সরিয়ে নেওয়া হবে। সংস্থার প্রধান কার্যালয় এলাকায় নদী দখলের অভিযোগ অস্বীকার করে হোসনে আরা বেগম বলেন, ‘নদীর যে জায়গা দখলের কথা বলা হচ্ছে ওই জায়গাটুকু সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে টিএমএসএস। ওই ইজারার পক্ষে নিম্ন আদালতে একটি মামলার রায়ও রয়েছে আমাদের পক্ষে। রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করেছে। উচ্ছেদ মামলার নোটিশ পাওয়ার পর আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে মামলার বিষয়টি প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।’
করতোয়া নদীর দ্বিতীয় শীর্ষ দখলদার হলো বগুড়া ডায়াবেটিক সমিতি। এই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে আছে নদীর সাড়ে ছয় শতক এলাকা। সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম গোলাম রসুল খান বলেন, ‘নদীর গতিপথ বা স্রোতোধারা বাধাগ্রস্ত না হলে লিজ প্রক্রিয়াধীন জায়গায় হাসপাতাল নির্মাণে সমস্যা কোথায়?’
২৮ দখলদারের তালিকায় আছে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের নাম। তাঁর দাবি, তিনি নদী দখল করেননি। তাঁর নাম কীভাবে তালিকায় এল তা তিনি বুঝতে পারছেন না। তিনি উচ্ছেদ মামলার কোনো নোটিশ পাননি বলেও দাবি করেন।
মুঠোফোনে জানতে চাইলে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, করতোয়া নদী দখলমুক্ত এবং পাউবোর জলকপাট অপসারণে ব্যবস্থা নিতে পাঁচ মাস আগে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কেউ নোটিশের জবাব দেয়নি। তাই আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দখলদার যারা: দখলদারের তালিকায় আরও আছে প্রভাবশালী ব্যবসায়ী শংকর প্রসাদ (শংকর বাবু), আরাবিয়াতুল সালাফিয়া ওয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ মোবারক ফতেহ আলী, শ্রীশ্রী জিউ বিগ্রহ গোপীনাথ মন্দির, সূত্রাপুরের আবুল কালাম আজাদ, ফুলবাড়ীর খয়রতজ্জামান, উত্তর চেলোপাড়ার রাধা প্রসাদ (রাধা বাবু), রাজাবাজারের আবদুস সোবহান, কানাইলাল বসাক, নওয়াববাড়ি সড়কের এ কে এম ফজলুর রহমান, হাকির মোড়ের মুক্তার হোসেন, নওয়াববাড়ি সড়কের জোবাইদুল ইসলাম, মতিয়ার রহমান, মাজেদ হোসেন, সঞ্জীব কুমার বিহানী, প্রদীপ কুমার রায়, নাটাই চেলোপাড়ার আবদুল জলিল, ফরিদ উদ্দিন, উত্তর চেলোপাড়ার সাইফুল ইসলাম, লাভলী বেগম, নাটাই বউবাজারের আবুল হোসেন, বজলার রহমান, কাশেম আলী, গোলাম মোস্তফা, কৃষ্ণা সাহা ও আরতি রানীর নাম রয়েছে।