ক্ষতবিক্ষত হচ্ছে ছেঁড়াদিয়া দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা আরেক ছোট্ট দ্বীপ ছেঁড়াদিয়া। শামুক-ঝিনুক, প্রবাল-শৈবালসহ প্রাকতিক সম্পদে ভরপুর এই দ্বীপটিও মানুষের নিষ্ঠুর আচরণে ক্ষতবিক্ষত। এখানেও গড়ে উঠেছে ১০-১২টি ঝুপড়িঘর ও দোকান।

গতকাল শনিবার সকালে দ্বীপ ঘুরে দেখা যায়, চারদিকের খনিজ পাথর আর প্রবালের ওপর পড়ে আছে ডাবের খোসা, সিগারেটের টুকরা, চিপস-বিস্কুটের প্যাকেট, পানির বোতল ও পলিথিন। প্রায় এক বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের যেখানে-সেখানে আবর্জনা।

সকালে সেন্ট মার্টিন থেকে স্পিডবোট ও নৌকায় করে এখন প্রতিদিন ছেঁড়াদিয়া যাচ্ছেন শত শত পর্যটক। ফেরার সময় তাঁরা ছেঁড়াদিয়া থেকে সংগ্রহ করছেন নানা প্রজাতির শামুক, ঝিনুক ও প্রবাল। দ্বীপের চারদিকে নিষিদ্ধ কারেন্ট জালে ধরা হচ্ছে কাঁকড়া, লবস্টারসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। সেই মাছ রান্না করে খাওয়ানো হচ্ছে পর্যটকদের।

রাজধানীর মগবাজার থেকে ছেঁড়াদিয়া ভ্রমণে আসা ব্যবসায়ী আমিনুল রশিদ বলেন, নীল জলের ছেঁড়াদিয়ার মতো এত সুন্দর দ্বীপ পৃথিবীর অন্য কোথাও আছে কি না, সন্দেহ। অথচ লোকজন প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক নিয়ে যাচ্ছেন। মানুষের নিষ্ঠুরতায় হারিয়ে যাচ্ছে দ্বীপের প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য।

এই দ্বীপে রয়েছে অসংখ্য কেয়াগাছ। চারদিকের নীল জলে নানা রঙের মাছের দৌড়ঝাঁপ মুগ্ধ করে পর্যটকদের। পুরো দ্বীপটাই যেন মাছের অ্যাকুরিয়াম। পর্যটকদের ঢলের কারণে দ্বীপটি বিপন্ন হতে চলেছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, অতিরিক্ত মানুষের চাপে সেন্ট মার্টিনের মতো ছেঁড়াদিয়াও শেষ হয়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেঁড়াদিয়ায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছে করা হবে বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরে তথ্যমতে, জীববৈচিত্র্যে ভরপুর ছেঁড়াদিয়ায় রয়েছে ৬৬ প্রজাতির প্রবাল, ১৫৭ প্রজাতির শামুক-ঝিনুক, ২৪০ প্রজাতির মাছ, ৪ প্রজাতির উভচর, ২৯ প্রজাতির সরীসৃপ প্রাণী ও ১৩৪ প্রজাতির জলজ উদ্ভিদ।

দ্বীপের কোমরসমান স্বচ্ছ নীল পানিতে নামলে পাথরের স্তূপে নানা প্রজাতির প্রবাল, শৈবাল, শামুক-ঝিনুক, অসংখ্য প্রজাতির মাছ ও জলজ প্রাণীর বিচরণ লক্ষ করা যায়। দ্বীপের চারদিকে ভেসে ওঠা পাথরের স্তূপের ওপর সাদা আকৃতির বিভিন্ন প্রজাতির প্রবাল পড়ে থাকতে দেখা যায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্ট মার্টিনে লোকবসতি শুরু হয়েছে প্রায় ২৩০ বছর আগে। ছেঁড়াদিয়ায়ও মানুষ ছিল না। কয়েক বছর ধরে শীত মৌসুমে কিছু লোক ছেঁড়াদিয়ায় গিয়ে ঝুপড়িঘর তৈরি করে বাস করছেন। তাঁরা সেখানে ভ্রমণে যাওয়া পর্যটকদের খাবারের ব্যবস্থা করেন। তিনি বলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে ছেঁড়াদিয়া।

ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রউফ বলেন, বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড হচ্ছে এই ছেঁড়াদিয়া। প্রতিবেশ-সংকটাপন্ন এই দ্বীপ থেকে আগে প্রবাল-শৈবাল ও শামুক-ঝিনুক আহরণ করে ট্রলারে করে পাচার করা হতো। এখন পাচার বন্ধ আছে বলে দাবি করে তিনি বলেন, বিচ্ছিন্ন দ্বীপ বলে নিয়মিত তদারকি সম্ভব হয় না।

জোয়ারের সময় এই দ্বীপের প্রায় অর্ধেক অংশ ডুবে যায়। তখন বাকি অর্ধেক ভূখণ্ডে মাথা তুলে দাঁড়িয়ে থাকে কেয়াগাছ।

ছেঁড়াদিয়ার দোকানগুলোতে ভাজা মাছ ও কাঁকড়া, জিলাপি ও ডাব পাওয়া যায়। পর্যটন মৌসুমে (ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত) এই দ্বীপে থাকেন ১০-১২ জন। একটি দোকানের মালিক সেন্ট মার্টিনের মো. কামাল। তিনি বলেন, সাগর থেকে ধরে আনা মাছ ও কাঁকড়া পর্যটকেরা খেতে বেশি পছন্দ করেন। তাই পর্যটকের জন্যই এখানে দোকান খুলেছেন তিনি।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ডালিম বড়ুয়া বলেন, সেন্ট মার্টিন দ্বীপে স্থায়ী বাসিন্দা সাত হাজার। দ্বীপের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ফাঁড়িতে পুলিশ আছে ছয়জন। প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণে আসেন আরও কয়েক হাজার পর্যটক। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে হিমশিম খেতে হয়। জনবল কম থাকায় ছেঁড়াদিয়ায় পুলিশ পাঠানো সম্ভব হয় না।