ক্ষতি পুষিয়ে টমেটোতে হাসি

গ্রামের শতাধিক কৃষক কয়েক দফা বৃষ্টির ধকল সামলে এখন টমেটো বিক্রি করছেন। প্রতি কেজি টমেটো পাইকারি ২৫ ও খুচরা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমেটোখেতের পরিচর্যা করছেন এক কৃষক। গতকাল সকাল ১০টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে
ছবি: প্রথম আলো

কৃষক হারুন মিয়া গত বছরের অক্টোবরে দুই একর জমিতে টমেটোর আবাদ করেন। এরপর তিন দফা বৃষ্টিতে টমেটোগাছ, কুঁড়ি ও ফলন ক্ষতিগ্রস্ত হয়। তবু ভেঙে পড়েননি তিনি। নিয়মিত খেতের পরিচর্যা ও যত্ন–আত্তি চালিয়ে গেছেন। এতে টমেটোর ফলন ভালো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে খেত ভরে যায় পাকা ও আধা পাকা টমেটোতে। প্রত্যাশিত দাম পেয়ে হারুন ও তাঁর আশপাশের কৃষকের মুখে স্বস্তির হাসি দেখা দিয়েছে।

হারুন মিয়ার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে। তাঁর মতো গ্রামের শতাধিক কৃষক কয়েক দফা বৃষ্টির ধকল সামলে এখন টমেটো বিক্রি করছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে শুরু হওয়া চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৭০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়। টমেটোর আবাদ হয় ৫০ হেক্টর জমিতে। এবার টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০০ মেট্রিক টন।

উপাদী গ্রামের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আয়েত আলী বলেন, এবার তাঁর উপজেলায় টমেটোর আশানুরূপ ফলন হয়েছে। টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম ভালো হওয়ায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। টমেটো চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।

গতকাল সকালে উপাদী গ্রামে দেখা যায়, এক দাগে অনেক টমেটোখেত। গোটা বিল কাঁচা-পাকা টমেটোতে ভরা। পাতা ভেদ করে বেরিয়েছে পাকা ও আধা পাকা হাজারো টমেটো। কিছু কৃষক খেতের পরিচর্যা করছেন। কেউ কেউ পাকা ও আধা পাকা টমেটো তুলে বিক্রির জন্য ডালায় ভরছেন। তাঁদের চোখেমুখে স্বস্তি ও তৃপ্তির হাসি চোখে পড়ে।

কৃষক হারুন মিয়া বলেন, কয়েক বছর আগে বিদেশ থেকে ফেরেন তিনি। এরপর লেগে যান টমেটো চাষে। এবার কুমিল্লা থেকে চারা এনে পৈতৃক সূত্রে পাওয়া দুই একর জমিতে টমেটোর আবাদ করেছেন। তিন দফা বৃষ্টিতে বেশ কিছু টমেটোখেত ক্ষতিগ্রস্ত হয়। তবু হাল ছাড়েননি। খেতের পরিচর্যা চালিয়ে যান। শেষ পর্যন্ত ফলন বেশ ভালো হয়েছে। তিনি ছাড়াও তাঁর গ্রামের শতাধিক কৃষক টমেটোর আবাদ করেছেন।

গ্রামের কৃষক হান্নান, শামীম, ফোরকান মিয়াজী ও বাচ্চু মিয়ার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, টমেটোর ফলন ও রং খুব ভালো এবার। খেত থেকে ও বাজারে নিয়ে তাঁরা টমেটো বিক্রি করেছেন। প্রতি মণ টমেটো হাজার টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি টমেটো পাইকারি ২৫ ও খুচরা ৩০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান টমেটোচাষি হারুন মিয়া। তিনি বলেন, বিষমুক্ত টমেটো হওয়ায় ও রং ভালো থাকায় দামও পাওয়া যাচ্ছে ভালো। পরিবহন ও শ্রমিক খরচও তুলনামূলক কম। এক হাজার মণের বেশি টমেটো উৎপাদনের আশা করছেন তিনি। এসব বিক্রি করে ধারদেনা শোধ করে পরিবারে সচ্ছলতা আনার অপেক্ষায় আছেন।