খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিবন্ধী তরুণীকে (২৬) গণধর্ষণ ও বাড়িতে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। তরুণীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে তরুণীর মায়ের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, সহকারী কমিশনার বাসুদেব কুমার মালো, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নূরুল আজম প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘এটি একটি ঘৃণ্য ঘটনা। আমরা তরুণীর চিকিৎসার খোঁজখবর রাখছি। বর্তমানে পরিবারটি আর্থিক ও মানসিক দিক দিয়ে অসহায় অবস্থায় রয়েছে। তরুণীর উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই এ অর্থ প্রদান করছি। জেলা প্রশাসন ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকবে।’
তরুণীর মা বলেন, এখনো তাঁর মেয়ে ভীষণ আতঙ্কের মধ্যে আছেন। মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। কারও সঙ্গে কথা বলছেন না। এমনকি খেতেও চাচ্ছেন না। নিরাপত্তার কারণে বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে রাখা হয়েছে। প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে মেয়ের চিকিৎসা করা হচ্ছে। যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে কয়েক দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে নেওয়া হবে।
গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে খাগড়াছড়ি শহরের কাছেই পাহাড়ি গ্রামের একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ডাকাতির পাশাপাশি এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে সদর থানায় নয়জনকে আসামি করে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে দুটি মামলা করেন। পুলিশ পরে সাতজনকে গ্রেপ্তার করে। বর্তমানে অপরাধীরা জেলহাজতে আছেন। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, বাড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিত। ওই ঘটনায় করা মামলায় খাগড়াছড়ি সদর, রামগড়, গুইমারা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমিন (৪০), মো. বেলাল হোসেন (২৩), মো. ইকবাল হোসেন (২১), মো. আবদুল হালিম (২৮), মো. শাহিন মিয়া (১৯), মো. অন্তর (২০) ও মো. আবদুর রশিদ (৩৭)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে চুরি, ডাকাতি, মাদক ও ধর্ষণের ছয় থেকে সাতটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা একসময় জেলহাজতে ছিলেন। সে সময় তাঁদের পরস্পরের সঙ্গে পরিচয় হয়। পরে জামিনে বের হয়ে তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অপকর্ম করেন।
পুলিশ জানায়, লুণ্ঠিত হওয়া ৮ হাজার টাকার মধ্যে ৪ হাজার ৯০০ টাকা, একটি মুঠোফোন, একটি শাবল, দুটি ছুরি, নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও স্বর্ণালংকার বিক্রি করে পাওয়া ৪৮ হাজার টাকা আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে।