ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ার তিনটি মণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার
ছবি: প্রথম আলো

কুমিল্লার ঘটনার জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্থ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার দেসওয়াল। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি কুলাউড়ার নলডরি, আসকরাবাদ, রাজানগর ও কমলগঞ্জের মইডাইল পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন ১৩ অক্টোবরের ঘটনার বর্ণনা দেন। তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।  

পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ করে নিরাজ কুমার দেসওয়াল বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। এসব ঘটনায় যেহেতু মামলা হয়েছে, সেহেতু প্রশাসন অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে—এটা নজরে রাখতে হবে।

এ সময় সেখানে মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরা দে, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ক্ষতিগ্রস্ত তিনটি মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে ২৬ হাজার টাকা করে মোট ৭৮ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত মণ্ডপের সংস্কারকাজের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে আছে।

কুলাউড়া থেকে সন্ধ্যা সাতটায় কমলগঞ্জের মইডাইল পূজামণ্ডপ পরিদর্শনে যান দেসওয়াল। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোতালিক তরফদার, কমলগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্যামল চন্দ্র দাস বলেন, গত বুধবার দুর্গোৎসব চলাকালে কমলগঞ্জের আটটি পূজামণ্ডপে হামলা হয়েছে। এ ঘটনায় পাঁচটি অভিযোগ করা হলেও মাত্র দুটি অভিযোগ মামলা হিসেবে থানা গ্রহণ করেছে।