ক্ষতিপূরণ পাননি, ভবন অপসারণের ব্যয়ও মালিকদের কাঁধে
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় গুলজার খালে নির্মাণকাজের জন্য ধসে পড়া ভবনগুলো অপসারণ করা হচ্ছে। ভবনমালিকেরা নিজেদের অর্থায়নে এই কাজ করছেন। তবে স্বল্প আয়ের লোক হওয়ায় একসঙ্গে বাসা ভাড়া এবং ভবন অপসারণ কাজের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গুলজার খালে চলছে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ। এ জন্য খালের পাশে লোহার পাত পুঁতে দেওয়া হয়েছে। এরপর গত বছরের ২০ ডিসেম্বর বিকেলে খালের দিকে হেলে পড়ে একটি তিনতলা, একটি দোতলা, একটি একতলা মন্দির ও একটি টিনের ঘর। ওই দিন রাতেই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। হেলে পড়া ভবনগুলোতে অন্তত ১০টি পরিবার থাকত। পরের দিন দুটি ভবনের অংশবিশেষ অপসারণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় সিডিএ। চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকার গুলজার খালের পাশে পার্বতী ফকিরপাড়ায় এ ঘটনা ঘটেছিল।
ভবনধসের পরপরই বাসিন্দারা নিজেদের পরিবার নিয়ে সেখান থেকে সরে যান। তাঁদের কেউ মাঝিরঘাট, কেউ মাদারবাড়ি, কেউ নালাপাড়ায়, কেউ পাথরঘাটা এলাকায় বাসা ভাড়া নিয়েছেন। আবার কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভবনধসের পরদিন ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়ার মানুষ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মাঝিরঘাটের স্ট্যান্ড রোড অবরোধ করেছিলেন। দেখা করেছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্যোগকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সঙ্গে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের সুবিধা পাননি তাঁরা। উল্টো নিজেদের পকেটের টাকায় ভবন অপসারণের কাজ করতে হচ্ছে। একে তো ঘর ভাড়া দিতে হচ্ছে, এর মধ্যে ভবন ভাঙার কাজে বাড়তি ব্যয়, এতে দুরাবস্থার মধ্যে আছেন বাসিন্দারা।
যোগাযোগ করা হলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, খালপাড়ের ভবনগুলো গড়ে উঠেছিল নকশা অনুমোদন ছাড়াই। আবার ভবনগুলো নির্মাণে যথাযথ প্রকৌশলগত নিয়ম মানা হয়নি। খালে নির্মাণকাজ শুরুর আগেই ভবনের অনুমোদনহীন অংশ অপসারণ করতে বলা হয়েছিল, কিন্তু তা মানা হয়নি।
ধসে পড়া তিনতলা ভবনে থাকতেন বেসরকারি চাকরিজীবী স্বপন দাস। একই ভবনে থাকতেন তাঁর ছোট দুই ভাইয়ের পরিবার। হঠাৎ ভবন ধসে পড়ায় সবাই ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন। তিনি জানান, পরিবার নিয়ে নালাপাড়ায় বাসা নিয়েছেন। দুই ভাইয়ের পরিবারের একটি পার্বতী ফকিরপাড়ায় এবং অন্যটি পাথরঘাটা এলাকায় বাসা ভাড়া নিয়েছেন। বাসা ভাড়ার কারণে তাঁদের বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।
স্বপন দাস বলেন, অনেক কষ্টে এবং ধারকর্জ করে বাড়ি করেছিলেন। কিন্তু হুট করে তা ক্ষতিগ্রস্ত হলো। ইতিমধ্যে তিনতলার মধ্যে ওপরের দুটি ছাদ অপসারণ করা হয়েছে। নিচতলার ছাদও ভেঙে ফেলা হবে। এরপর সেখানে আধা পাকা ঘর করে থাকার ইচ্ছা রয়েছে তাঁদের, কিন্তু আর্থিক সামর্থ্য নেই। এই ঘটনা তাঁদের ফকির বানিয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালের পাশে ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর পাশাপাশি আরও কয়েকটি ভবনের বাসিন্দারা সরে গেছেন। ঝুঁকি এড়াতে তাঁরা সরে গেছেন।
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করা স্থানীয় তরুণ নয়ন দাস প্রথম আলোকে বলেন, ভবনগুলো অপসারণে সিডিএ কোনো উদ্যোগ নেয়নি। এমনকি কোনো ক্ষতিপূরণ দেয়নি। সিডিএর কর্তারা পরে ঘুরেও গেলেন না। নিজেদের টাকায় ভবন ভাঙতে হচ্ছে। আবার বাইরে বাসা ভাড়াও দিতে হচ্ছে৷ ক্ষতিগ্রস্ত ভবনমালিকদের অবস্থা খুব খারাপ। মানবিক দিক বিবেচনা করে হলেও অন্তত সহায়তা করতে পারে সিডিএ।