অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের
ক্ষমতাসীন দলের তিন নেতার হাতে জিম্মি বায়েজীদের মানুষ
ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন নেতার কাছে জিম্মি হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরের বায়েজীদ থানা এলাকার প্রায় দেড় লাখ মানুষ। সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখল-বেদখলকে কেন্দ্র করে ওই এলাকায় এই তিন নেতার অনুসারীদের মধ্যে সংঘাত ও খুনোখুনির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে এখানকার ঢেবারপাড় বস্তি এলাকায় ক্ষমতাসীন দলের বিবদমান দুই দলের মধ্যে সংঘর্ষে এক পথচারী নিহত ও আরও তিনজন আহত হন।
সরেজমিন ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বায়েজীদ থানাধীন নাসিরাবাদ শিল্পাঞ্চলে দুই শতাধিক কারখানায় চাঁদাবাজি, বিতর্কিত জমির দখল-বেদখল ও মাদক ব্যবসা ঘিরে আওয়ামী লীগের এই তিনটি পক্ষ সক্রিয় রয়েছে। এই তিন পক্ষের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ও ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস। ২৩ জুলাইয়ের খুনের ঘটনার পর পুলিশ সক্রিয় হলে মেহেদী ও কুদ্দুস এবং তাঁদের বাহিনীর সদস্যরা গা-ঢাকা দিয়েছেন। জমি দখলকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে ওই দিন সংঘর্ষ হয়েছিল। অপর পক্ষের প্রধান শফিকুল ইসলাম এখন দুবাইয়ে অবস্থা করছেন। শফিকুলের বাহিনী এখন সক্রিয় হয়েছে বলে জানা গেছে।
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঈদুল ফিতরের চার দিন আগে শফিকুলের ক্যাডাররা একটি আবাসন কোম্পানির পরিচালককে মারধর করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালকের ঘনিষ্ঠ একজন বন্ধু প্রথম আলোকে বলেন, আবার বিপদে পড়ার আশঙ্কায় তাঁরা এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। তাঁদের ধারণা, পুলিশে অভিযোগ দিয়ে লাভ নেই। তাই ‘যা দিয়ে পারা যায়’, তা দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতা করেছেন ওই ব্যবসায়ী।
স্থানীয় সূত্রগুলো জানায়, ১৯৯৬ সালে বায়েজীদ এলাকায় আওয়ামী লীগের ‘চার খলিফা’ হিসেবে পরিচিত ছিলেন শফিকুল ইসলাম, মেহেদী, কুদ্দুছ ও ফিরোজ। একসঙ্গে রাজনীতি করতেন এই চার বন্ধু। ২০০১ সালে ফিরোজ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাকি তিনবন্ধু শফিকুল, কুদ্দুছ ও মেহেদী আলাদা হয়ে পৃথক তিনটি বাহিনী গড়ে তোলেন। এরপর থেকে অপরাধ জগৎ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের মধ্যে প্রতিযোগিতা ও সংঘাত চলে আসছে। এই তিনটি বাহিনীতে শতাধিক ক্যাডার রয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রগুলো থেকে জানা গেছে।
স্থানীয় কয়েকজন নাগরিক ও ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, বায়েজীদ থানাধীন শেরশাহ কলোনি, আরেফিন নগর, চন্দ্রনগর, ঢেবারপাড় ও বায়েজীদ এলাকায় গত পাঁচ বছরে অসংখ্যবার এসব বাহিনী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বায়েজীদ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের ঘটনা সম্পর্কে আমরা অবহিত। যাদের নেতৃত্বে এসব হচ্ছে ওরা আমাদের কেউ নয়। ওরা আমাদের সংগঠনের নাম ব্যবহার করছে।’ তিনি বলেন, ‘আমরা সংগঠনকে গোছানোর উদ্যোগ নিচ্ছি। এরপর ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদের আশ্রয়দাতা কারা সেটাও আমরা দেখব।’
মাস তিনেক আগে নাসিরাবাদের একটি ইস্পাত তৈরির কারখানায় শ্রমিক ও নির্মাণ সামগ্রী সরবরাহের ঠিকাদারি কাজ নিয়ে মেহেদী ও কুদ্দুসের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সেখানে কদিন পরপর ফাঁকা গুলির শব্দ শোনা যেত। স্থানীয় লোকজন জানান, এসব বাহিনীর ছত্রচ্ছয়ায় কসাইপাড়া, শেরশাহ কলোনি, সাংবাদিক হাউজিং, কুঞ্জছায়া, টেকনিক্যালসংলগ্ন মসজিদ, আরেফিন নগর, চন্দ্রনগর শ্যামলছায়া ও বাংলাবাজার এলাকায় মাদক ব্যবসা চলে।
আত্মগোপনে থাকা মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর লোকজন মাদক কারবারে জড়িত নেই। এতে শফিকুলের ভাই ইলিয়াস ও তাঁর লোকজন জড়িত।
ইস্পাত কারখানায় শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে কুদ্দুসের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ অস্বীকার করেন মেহেদী। তাঁর দাবি, কুদ্দুস ওই কারখানার ঠিকাদারির কাজ পেয়েছে।
তবে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করেও কুদ্দুসকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।
মেহেদী আরও জানান, বায়েজীদ এলাকায় বিভিন্ন শিল্প-কারখানা থেকে মাসিক ১০-১১ লাখ টাকা চাঁদা আদায় হয়। সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি ও বস্তি থেকে ভাড়া বাবদ ওঠে আরও ২৩-২৪ লাখ টাকা। এখন এসব টাকা শফিকুলের লোকজন তুলে নিচ্ছে।
অবশ্য শফিকুল ইসলামের ছোট ভাই এস এম ইলিয়াছ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা দখল, চাঁদাবাজির রাজনীতি কিংবা মাদক ব্যবসা করি না। আমাদের সঙ্গে আওয়ামী লীগের কারও সঙ্গে বিবাদ নেই। একটি ঘটনার পর আবদুল কুদ্দুস ও মেহেদী হাসান আপাতত এলাকায় নেই। ’
খোঁজ নিয়ে জানা যায়, আরব আমিরাতের আওয়ামী লীগ নেতা এস এম শফিকুল ইসলাম এখন দেশে নেই। তাঁর ছোট ভাই এস এম ইলিয়াস কয়েক মাস আগে দুবাই থেকে দেশে আসার পর বায়েজীদ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি নিজেকে আরব আমিরাত যুবলীগের যুগ্ম সম্পাদক বলে দাবি করেন। অবশ্য বিগত চারদলীয় জোট সরকারের আমলে ইলিয়াছ যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
শফিকুল ইসলামেরা আট ভাই। এর মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন চারজন। বিএনপির সঙ্গে সম্পৃক্ত তিনজন। বাকি একজন জাতীয় পার্টির কর্মী বলে জানা গেছে। যে দলই ক্ষমতায় থাকুক এই পরিবারের দাপট অক্ষুণ²থাকে ওই এলাকায়। বিবদমান দুই পক্ষের দলনেতা এবং তাঁদের ক্যাডাররা গা-ঢাকা দেওয়ায় বায়েজীদ এলাকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ করছেন শফিকুলের অনুসারীরা।
বায়েজীদ থানা এলাকায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ হাজারী বলেন, ‘বায়েজীদে নীরব চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন হচ্ছে। এটা আমরা অস্বীকার করি না। কিন্তু ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় না। আর থানা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাদের লিখিতভাবে জানানো উচিত।’