ক্ষুদ্র জাতিসত্তার নারীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতন, দুই আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের প্রতীকী ছবি
প্রথম আলো

ধর্ষণের সময় লাথি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে টাঙ্গাইলের সখীপুরের ক্ষুদ্র জাতিসত্তার নারীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় হওয়া মামলার দুই আসামি আজ বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।

আদালতে জবানবন্দি দেওয়া ওই দুই আসামি হলেন সখীপুরের বড়চালা গ্রামের দিনা সরকার (৩০) ও মন্টু সরকার (৩২)। গত সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ জেলার নাগরপুর ও মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সখীপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সখীপুর থানা থেকে তাঁদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য টাঙ্গাইলে আদালতে পাঠানো হয়। জবানবন্দি নেওয়ার পর সন্ধ্যায় তাঁদের জেলা কারাগারে পাঠিয়ে দেন আদালত।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, গতকাল বুধবার দিনা ও মন্টুকে আদালতে আনা হয়। তাঁরা উভয়েই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণ মামলার ওই দুই আসামি বলেন, বৃহস্পতিবার ওই নারীর বাড়িতে গিয়ে তাঁরা তাঁকে ডেকে তুলেন। পরে পাশের বনে নিয়ে দিনা তাঁকে ধর্ষণ করেন।

আসামি দিনা সরকার জবানবন্দিতে বলেন, ধর্ষণ শুরু করার পর ওই নারী তাঁকে লাথি দিয়ে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাঁর মুখে ঘুষি মারেন। এতে ওই নারীর কয়েকটি দাঁত পড়ে যায়। পরে তারা তাঁর ওপর পাশবিক নির্যাতন চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই নারী ধর্ষণের শিকার হন। শুক্রবার তাঁকে তাঁর স্বজনেরা প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। ওই মামলায় আদালতে জবানবন্দি দেওয়া দুজন ছাড়াও শবদুল মিয়া (২৮) নামের আরও এক ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, শবদুল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাঙ্গাইলের সখীপুরে ওই নারীকে ধর্ষণের ঘটনার বিষয়ে গত সোমবার প্রথম আলোতে ‘সখীপুরে ক্ষুদ্র জাতিসত্তার নারী ধর্ষণের শিকার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।