ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য গণশুনানি

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জমিনকমিন গ্রামে গণশুনানির আয়োজন করা হয়। এতে নিজের সমস্যার কথা বলছেন হেবেন্দ্র নাথ মোহন্তপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনের নানা সমস্যা সমাধানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার জমিনকমিন গ্রামে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে তাৎক্ষণিকভাবে ৯০ বছরের এক বৃদ্ধার বয়স্ক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাসও মেলে।

খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক নামের একটি বেসরকারি সংস্থার সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘কৃষি, খাদ্য ও সামাজিক অধিকার’ শীর্ষক এ গণশুনানির আয়োজন করে। এতে কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

গণশুনানিতে অংশ নেওয়া ক্ষুদ্র জাতিসত্তার নারী–পুরুষেরা কৃষিকাজে সংকট, পুষ্টির অভাব, সরকারের খাদ্যনিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হওয়াসহ তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বসতভিটা, সমাধিস্থল, বিদ্যালয় না থাকার বিষয়গুলোও তুলে ধরেন হেবেন্দ্র নাথ মোহন্ত, স্বপন সরকার ও অন্যরা।
এই সময় অলক কৈরি নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি সাবেক ও বর্তমান ইউপি সদস্যের কাছে তাঁর ৯০ বছর বয়স্ক মায়ের বয়স্ক ভাতার জন্য অনেকবার আবেদন করেছিলেন। কিন্তু তাঁর মাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি। অভিযোগ পেয়ে সমাজসেবা কর্মকর্তা আল গালিব অনলাইনের মাধ্যমে ওই বৃদ্ধার বয়স্ক ভাতার ব্যবস্থা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মহানন্দা নদীর সঙ্গে বরেন্দ্র অঞ্চলের খাঁড়িগুলোর সংযোগ ঘটিয়ে সারা বছর সেচব্যবস্থার একটি প্রকল্পের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে উচ্চপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলে সেচ সমস্যা থাকবে না। তিনি আরও জানান, শাকসবজি চাষের জন্য কৃষকদের সার ও বীজ দেওয়ার উদ্যোগের পাশাপাশি তাঁরা যেন কৃষিঋণ পান, সে ব্যবস্থা করা হবে।

গণশুনানি চলাকালে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অমীয় তপন চক্রবর্তী মুঠোফোনে সংরক্ষিত আসনের মহিলা সাংসদ (কুমিল্লা) ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য আরমা দত্তের কাছে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি (আরমা দত্ত) এ অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁর মুঠোফোনের বক্তব্যটি লাউডস্পিকারে উপস্থিত লোকজনকে শোনানো হয়। সঞ্চালনা করেন জেলা সভাপতি সাকিল রেজা।