ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা দখল করে দোকান

বাজারের চারটি ছাউনির মধ্যে দুটি সম্পূর্ণ দখল হয়ে গেছে। এখানে কাঠনির্মিত ৯টি দোকান তৈরি করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জের নগরচাপরাইল বাজারে সরকারি ছাউনি দখল করে নির্মিত ব্যক্তিমালিকানাধীন দোকান
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্যতম বড় বাজার নিয়ামতপুর ইউনিয়নের নগরচাপরাইল। এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে চারটি টিনের ছাউনি নির্মাণ করা হয়েছিল। এসব ছাউনি এখন প্রভাবশালীরা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ছাউনির নিচে স্থাপন করা হচ্ছে কাঠনির্মিত আলাদা দোকান। এতে ভোগান্তিতে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন তাঁদের বসতে হচ্ছে বাইরে খোলা জায়গায়।

ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বাজারের চারটি ছাউনির মধ্যে দুটি সম্পূর্ণ দখল হয়ে গেছে। এখানে কাঠ দিয়ে তৈরি ৯টি দোকান তৈরি করা হয়েছে। অন্য দুটিতে সবজি আর মাছের দোকান বসে। যাঁরা ছাউনির মধ্যে দোকান করেছেন, তাঁরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না।

নগরচাপরাইল বাজারে ৮৬ শতক সরকারি জমি রয়েছে। এ ছাড়া ১৬ শতক পরিত্যক্ত ডোবাও আছে। আর সরকারি জমির পাশ দিয়ে ব্যক্তিমালিকানা জমিতে অসংখ্য দোকান গড়ে উঠেছে। এই বাজারে পাঁচ শতাধিক স্থায়ী দোকান রয়েছে। সপ্তাহের রোববার ও বুধবার এখানে সাপ্তাহিক বাজার বসে। সপ্তাহের এই দুই দিন আরও তিন শতাধিক ক্ষুদ্র দোকানি তাঁদের দোকান সাজিয়ে বসেন, যাঁরা খোলা জায়গায় রাস্তার ওপর বসে ব্যবসা করেন। ওই দিন বাজারে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কারণে।

সরেজমিনে দেখা যায়, ক্ষুদ্র ব৵বসায়ীদের জন্য নির্ধারিত সরকারি ছাউনির মধ্যে একাধিক দোকান। প্রভাবশালী ব্যবসায়ীরা এসব দোকান গড়ে তুলেছেন। ছাউনির মধ্যে মুদিদোকান তৈরি করেছেন অনুপমপুর গ্রামের মোক্তার আলী। তাঁর দাবি, এখন আর কেউ ছাউনিতে বসতে চান না। খোলা জায়গায় বসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয়।

ইতিপূর্বে ছাউনিতে ব্যবসা করতেন এমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, তাঁদের জন্য সরকার ছাউনি নির্মাণ দিয়েছে। এসবের দখলে রয়েছেন প্রভাবশালীরা। আর তাঁরা আছেন রাস্তার ধারে খোলা আকাশের নিচে। এভাবে ব্যবসা করতে তাঁদের কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই।

ওই এলাকার বাসিন্দা শামিম আহম্মেদ বলেন, ছাউনিতে বসতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীরা নগরচাপরাইল বাজারের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে চলে যাওয়া রাস্তার ওপর পসরা সাজিয়ে বসেন। এতে ওই দিন প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ বলেন, তিনি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।