ক্ষেতলালে এবার আ.লীগ প্রার্থীর কর্মীর মোটরসাইকেলে আগুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমানের এক কর্মীকে মারধর করে তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মামুদপুর ইউনিয়নের বেলতা-বানদীঘি গ্রামের মোড়ে এ ঘটনা ঘটেছে।
বিদ্রোহী প্রার্থী আবদুর রশিদের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে মশিউর রহমান অভিযোগ করেছেন। তিনি বলেন, হান্নান নামে তাঁর এক কর্মী নির্বাচনী প্রচারণার কাজে বেলতা-বানদীঘি গ্রামে যান। এ সময় আবদুর রশিদ বকুলের কর্মী-সমর্থকেরা হান্নানকে মারধর করে তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেন।
এদিকে মশিউর রহমান ও তাঁর কর্মী-সমর্থকেরা আবদুর রশিদকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আজ বিকেল চারটায় ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আবদুর রশিদ বকুল এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩১ অক্টোবর রাতে তাঁর কর্মী-সমর্থকের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে মশিউর রহমানের লোকজন তাঁকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন না। এ ছাড়া তাঁর কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
আজ সকালে মশিউর রহমানের কর্মীর মোটরসাইকেলে আগুন প্রসঙ্গে আবদুর রশিদ বলেন, মশিউর রহমান ও তাঁর লোকজন নিজেরাই মোটরসাইকেল পোড়ানোর নাটক সাজিয়ে তাঁর কর্মী-সমর্থকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে শঙ্কাবিহীন নির্বাচনের পরিবেশের দাবি জানান।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, বেলতা-বানদীঘি গ্রামের মোড় থেকে পুড়িয়ে দেওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।